সবার ওপরে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছর শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেখান থেকে তাদের হটিয়ে দিল রিয়াল মাদ্রিদ। না, ফুটবলীয় অর্জনে নয়, ইউনাইটেডকে পেছনে ফেলে রিয়ালই এখন বিশ্বের সবচেয়ে দামি ক্লাব। গত বছরের ১৮৮ কোটি ডলার থেকে নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মোট অর্থমূল্য বেড়ে এখন ৩৩০ কোটি ডলার। অ্যাডিডাস ও নাইকির সঙ্গে নতুন চুক্তিই স্ফীত করে তুলেছে রিয়ালের কোষাগার। ফোবর্স সাময়িকীর জরিপে শীর্ষ তিনটি ক্লাবই ফুটবলের, দ্বিতীয় স্থানে চলে যাওয়া ইউনাইটেডের (৩১৭ কোটি ডলার) পরেই আছে বার্সেলোনা (২৬০ কোটি ডলার)। দুই বছর ধরে বার্সার বাজারমূল্য ক্রমেই বাড়ছে। ২০১১ সালে ২৬ থেকে গত বছর উঠে এসেছিল ৮ নম্বরে। এবার তো শীর্ষ তিনেই।
এক ধাপ পিছিয়ে চার নম্বরে আছে মেজর লিগ বাস্কেটবল (এমএলবি) ক্লাব নিউইয়র্ক ইয়াঙ্কিস (২৩০ কোটি ডলার)। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দুই ক্লাব ডালাস কাউবয়স (২১০ কোটি ডলার), নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (১৬০ কোটি ডলার) ও এমএলবির লস অ্যাঞ্জেলস ডজারস (১৬০ কোটি ডলার) আছে এর পরেই। ৮ নম্বরে ১৩০ কোটি ডলারের আর্সেনাল। এনএফএলের ওয়াশিংটন রেডস্কিনস ও নিউইয়র্ক জায়ান্টসও আছে আর্সেনালের সঙ্গে একই সমতলে।
শীর্ষ ৫০টি দামি ক্লাবের মধ্যে ৩০টিই এনএফএলের। বাকি ২০টির মধ্যে ফুটবল, এমএলবি ছাড়াও আছে বাস্কেটবল, মোটর রেসিং ও হকির ক্লাবও। প্রথম ৫০টি ক্লাবের গড় মূল্য ১২৪ কোটি ডলার, গত বছর থেকে যা ১৬ শতাংশ বেশি। রয়টার্স।