সবার ওপরে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে বড়দিনের আমেজ। এই বছরে আর কোনো ম্যাচও নেই। ক্রিস্টিয়ানো রোনালদো আপাতত নির্ভার সময়ই কাটাচ্ছেন। কিন্তু পেছন ফিরে এই বছরের দিকে তাকালে পরিতৃপ্তির একটা ঢেকুর রোনালদো তুলতেই পারেন। এই বছরে অন্তত গোলসংখ্যায় সবার চেয়ে অনেকটাই এগিয়ে ‘সিআর সেভেন’!
২০১৩ সাল ছিল রোনালদোর জন্য স্বর্ণপ্রসূ। এই সময়ে দেশ ও ক্লাবের হয়ে মোট ৬৯ গোল। রিয়াল মাদ্রিদের হয়েই শুধু করেছেন ৫৯টি, বাকি ১০ গোল পর্তুগালের জার্সি গায়ে। ক্যারিয়ারেরই সবচেয়ে সফল বছরগুলোর একটা কাটালেন রোনালদো। এই তৃপ্তিতেই তিনি বুঁদ হয়ে আছেন—এমন যাঁরা ভাবছেন, তাঁদের ভুল রোনালদো ভাঙিয়ে দিয়েছেন নিজের ফেসবুক পেজে, ‘এই বছরটা ভালোই গেছে। কিন্তু পরের বছরটা হবে আরও ভালো।’”
বড়দিনের একটা ‘উপহার’ও পেয়েছেন এরই মধ্যে। রাদামেল ফ্যালকাও যখন বলেন, ‘মেসি ও রোনালদো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়। কিন্তু আমার কাছে রোনালদোই সেরা’— তখন সেটি রোনালদোর বড়দিন আরও আনন্দেই ভরিয়ে দেয়!
দলীয় অর্জনে এ বছর মনে রাখার মতো খুব বেশি কিছু ছিল না রোনালদোর। রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি। পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যাওয়াটাই হয়ে থাকবে দলীয় সাফল্যের একমাত্র মুকুট।
গোলসংখ্যায় দ্বিতীয় জ্লাতান ইব্রাহিমোভিচ পিছিয়ে আছেন অনেকটাই। ২০১৩ সালে ইব্রার গোল ৪৭টি, রোনালদোর চেয়ে ২২টি কম! এই বছরে আর কোনো ম্যাচও খেলার সুযোগ পাবেন না ইব্রা। কাজেই ব্যবধানটা কমছে না।
এ সুযোগ পাচ্ছেন না লিওনেল মেসিও। ১৩ সংখ্যাকে মেসি অপয়া বলতেই পারেন। বছরের শেষ ভাগটা চোটের কারণে মাঠেই নামতে পারলেন না। গোলসংখ্যায় রোনালদো তো বটেই, ইব্রার চেয়েও তাই দুই গোল পিছিয়ে মেসি (৪৫টি)।
লুইস সুয়ারেজ যেমন খেলছেন, মেসি-ইব্রা দুজনকেই ছাড়িয়ে যেতে পারেন। এই বছরে লিভারপুল ও উরুগুয়ে স্ট্রাইকারের গোল এখন পর্যন্ত ৪২টি। মেসিকে ছাড়াতে দরকার চারটি, ইব্রাকে ছয়টি। এই বছর খেলবেন আরও দুটি ম্যাচ। সর্বশেষ চার ম্যাচে ১০ গোল করা সুয়ারেজ রোনালদোর পরেই চলে এলে বিস্ময়ের কিছু থাকবে না!
২০১৩ সালের সেরা গোলদাতারা
খেলোয়াড় দল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল / পর্তুগাল ৬৯
জ্লাতান ইব্রাহিমোভিচ পিএসজি/ সুইডেন ৪৭
লিওনেল মেসি বার্সেলোনা / আর্জেন্টিনা ৪৫
লুইস সুয়ারেজ লিভারপুল/উরুগুয়ে ৪২
এডিনসন কাভানি পিএসজি/উরুগুয়ে ৪১
রবার্ট লেভানডফস্কি ডর্টমুন্ড/ পোল্যান্ড ৩৯
ডিয়েগো কস্তা অ্যাটলেটিকো/ স্পেন ৩৬
জ্যাকসন মার্টিনেজ পোর্তো/ কলম্বিয়া ৩৩
রবিন ফন পার্সি ইউনাইটেড/হল্যান্ড ৩১
সার্জিও আগুয়েরো ম্যান সিটি /আর্জেন্টিনা ৩০
* ২৪ ডিসেম্বর পর্যন্ত