সবার কথাই শোনেন বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই শহীদ আফ্রিদি বলেছিলেন, অধিনায়ক হিসেবে তিনি সবার পরামর্শ শুনতে পছন্দ করেন না। ওতে চিন্তাভাবনা আরও জটিল হয়ে যায়। শহীদ আফ্রিদি সাবেক হয়ে যেতেই তাঁর ওই দর্শনও পুরোনো হয়ে গেল। পাকিস্তানের তরুণ অধিনায়ক সালমান বাট বলছেন, মানুন আর না-ই মানুন; দলের প্রত্যেক খেলোয়াড়ের পরামর্শ শোনেন তিনি।বয়স মাত্র ২৫, অভিজ্ঞতাও বিরাট কিছু নয়। বিতর্ক, নিষেধাজ্ঞা, ইনজুরি, অবসর; নানা ঝামেলা-জর্জর পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে সেই বাট চমকে দিলেন। চমকে দিলেন বললে কম বলা হবে। কল্পনার সব সীমা ছাড়িয়ে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়েই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো তাঁর।এমন স্বপ্নিল অভিষেকের পরও পা মাটিতে রাখছেন বাট। বলছেন, তাঁর লক্ষ্য শুধু দলকে একত্র রাখা। আর সেই উদ্দেশ্যেই তরুণ-অভিজ্ঞ সবার পরামর্শ চাই তাঁর, ‘মানুষ যেন কিছুতেই খুশি হয় না। যখন লোকে পরামর্শ দেয়, তখন আমরা বলি পরামর্শের দরকার নেই। আর যখন দরকার, তখন বলি, আমাকে কেউ পরামর্শ দেয় না। আমি সৌভাগ্যবান, খেলোয়াড়েরা সবাই আমাকে পরামর্শ দিচ্ছে। এমন না যে, আমি সবার পরামর্শ নিচ্ছি। কিন্তু এতে বুঝতে পারছি, সবাই খেলা নিয়ে ভাবছে। আমি সবার কাছে, এমনকি একেবারে প্রথম ম্যাচ খেলতে নামা খেলোয়াড়ের কাছেও খোলামেলা। এতে তার বিশ্বাসটা অন্তত থাকে আমার ওপর। আর দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’সফল লোকের যেকোনো কৌশলকেই সফল মনে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছেন বলে বাটের সবকিছু ভালো মনে হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা সাম্প্রতিক পাকিস্তানের জন্য ব্যতিক্রম। এমনকি সহজ ম্যাচটিও পাকিস্তান জিতেছে কঠিন করে। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ভেসে যাওয়ার সুযোগ নেই পাকিস্তানের। তা বাট আনন্দে ভাসছেনও না। তিনি জানেন, কঠিন সময় আসছে, ‘ইংল্যান্ডের বিপক্ষে কী হবে, তা তো অনুমান করতে পারি না। আমি শুধু জানি, কঠিন সময় আসছে। আমরা জানি, পথটা মোটেও সোজা হবে না।’বোলিং নিয়ে বাটের খুব দুশ্চিন্তা করার কিছু নেই। দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। অবশ্য এখনো সুযোগ আছে সাবেক দুই অধিনায়ক ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফের অন্তত একজন বা দুজনেরই দলে যোগ দেওয়ার। বাটও আশায় আছেন, যদি তাঁরা আসেন। যদি না আসেন, যা শক্তি আছে তাই নিয়ে লড়তে চান, ‘এই আলোচনাটা তো এখনো হয়নি। দেখা যাক, হয়তো ব্যাপারটা আলোচনা হবে। কিন্তু এখন আমাদের যে অবস্থা তাতেই খুশি আমি।’দেখা যাক, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শেষে বাট খুশি থাকেন কি না। এএফপি।