সবার কথায় পাকিস্তানি ‘ঐক্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো বাংলাদেশকেও সেমিফাইনালে দেখছি!’বক্তার এ কথায় একটু যেন অপ্রস্তুত সামনের সারিতে বসা সাংবাদিকেরা। কেউ জানতে চায়নি, ‘বাংলাদেশের সম্ভাবনা আপনি কতটা দেখছেন?’ ইউনুস খান নিজেই একেবারে চমকে দিয়ে বলে বসলেন, সেরা চার দলের একটি বাংলাদেশ। বাংলাদেশের সাংবাদিকেরা তখন তাঁকে জরিপ করছে, ইউনুস ঠাট্টা করছেন না তো? এ কি সাংবাদিকদের উপঢৌকন দিয়ে খুশি করার চেষ্টা!সঙ্গে সঙ্গে দিলখোলা একটা হাসি দিলেন পাকিস্তানি ব্যাটসম্যান, বঙ্গীয় সাংবাদিকদের একটু ভিরমি খাওয়াতে পেরে যেন খুবই খুশি!হোটেল শেরাটনের ঘুম জড়ানো সকালটা নিমেষেই আড়মোড়া ভেঙে জাগল। জমে উঠল পাকিস্তান দলের সংবাদ সম্মেলন। ইউনুস খান, উমর গুল, শোয়েব আখতার কিংবা মিসবাহ-উল হক—সবাই একটা কথাই বারবার বলে গেলেন, এই বিশ্বকাপ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত দেশের মানুষের জন্য এবার ট্রফিটা নিয়ে যেতে সবাই যেন অগ্নিশপথই নিয়েছেন!বিশ্বকাপে নিজেদের দলের সম্ভাবনার কথা বলতে গিয়েই এল বাংলাদেশের প্রসঙ্গ। নিউজিল্যান্ডকে যে বাংলাদেশ ধবলধোলাই করেছে, সেই খবর ইউনুসের ভালোই জানা, ‘বাংলাদেশ খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা দুর্দান্ত খেলেছে। ওদেরও ভালো সুযোগ আছে।’ সেই সুযোগের ব্যাখ্যা দিতে গিয়েই সেমিফাইনালের প্রসঙ্গ।ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল চান, এমন মন্তব্য করে প্রসঙ্গটা কদিন আগে জমিয়ে তুলেছেন শহীদ আফ্রিদি। অধিনায়কের মন্তব্যের সুর ধরে সাবেক অধিনায়কও জানালেন, তিনিও চান, ফাইনালটা হোক এই দুই দেশের। এবং শেষে ট্রফিটা পাকিস্তানের হাতেই উঠুক, এই মন্তব্য ইউনুস করেননি। কিন্তু তাঁর মনের কথা পড়ে ফেলার জন্য ‘থট রিডার’ হওয়ার দরকার নেই!প্রথম দফায় ইউনুসের পাশে বসে মুগ্ধ শ্রোতা হয়ে মাথা দুলিয়ে যাচ্ছিলেন উমর গুল। তাঁর প্রতি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেই ভেবে যেন একটু স্বস্তিতে। কিন্তু কারও সুখ বোধ হয় সাংবাদিকেরা সহ্য করতে পারেন না। পরের প্রশ্নটাই গুলকে তাক করে।পাকিস্তান যে এই উপমহাদেশে কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কম খেলেছে, এটা তাদের জন্য অসুবিধাজনক দিক কিনা। তা ছাড়া পাকিস্তান তো সর্বশেষ সিরিজটা খেলে এল নিউজিল্যান্ডে, একেবারে ভিন্ন কন্ডিশনে। গুলের উত্তর, ‘দেখুন, আমরা সবাই পেশাদার ক্রিকেটার। কন্ডিশনের সুবিধা নিতে আমাদের তাই অসুবিধা হবে না। নিউজিল্যান্ডে আমরা তিন-চারজন ফাস্ট বোলার খেলিয়েছি। এখানে কী হবে সেটি নির্ভর করছে কন্ডিশন আর দলের সিদ্ধান্তের ওপর।’আমির-আসিফের মতো পেসার দলে নেই। এ ব্যাপারে পাকিস্তান দল কোনো প্রশ্নের উত্তর দেবে না, সেটি সংবাদ সম্মেলনের ‘পূর্বশর্ত’ই ছিল। তবে গুলরা বুঝিয়ে দিলেন, দলে যেসব পেসার আছেন, তাঁরাই যথেষ্ট। সবচেয়ে বড় কথা, এই দলের কোচ ওয়াকার ইউনুস একসময় বিশ্বসেরা পেসার ছিলেন। তা ছাড়া বোলিং কোচ হিসেবে আছেন আকিব জাভেদও।সংবাদ সম্মেলনে সবার শেষে এলেন মিসবাহ। বুড়োটে গাম্ভীর্য নিয়ে বসে পড়লেন। প্রথম পরিকল্পনা ছিল উন্মুক্ত মিডিয়া সেশন হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি না হয়ে হলো প্রথাগত সংবাদ সম্মেলন।মিসবাহর কাছে লোভনীয় প্রশ্ন হতো আফ্রিদি আর তাঁর মধ্যে অধিনায়কত্বের যে রশি টানাটানি হলো বিশ্বকাপের আগে, সেটা তিনি কীভাবে দেখছেন? কিন্তু এ ব্যাপারেও প্রশ্ন করা যাবে না বলে সাংবাদিকদের হাতে শেকল পরানো হয়েছিল আগেই। চিরায়ত প্রশ্ন দিয়েই তাই শুরু হলো, এই বিশ্বকাপে তাঁর জন্য প্রেরণা কী?টেস্ট অধিনায়ক হয়ে দলে ফেরার পর থেকেই রানের বন্যা ছোটানো মিসবাহ বললেন, ‘বিশ্বকাপ নিজেই আসলে সবচেয়ে বড় প্রেরণা। এত বড় একটা টুর্নামেন্ট বলে এখানে সবাই নিজেকে উজাড় করে খেলতে চায়। সবাই কঠোর পরিশ্রম করছে নিজেদের পারফরম্যান্স শাণিয়ে নিতে। আমার সুযোগ যখন আসবে, আমিও উজাড় করে দেব।’দলের মধ্যে ঐক্যগত সংকট নেই, মিসবাহ জোর দিয়েই বললেন। নিউজিল্যান্ড সফরে পুরো দল এককাট্টা হয়েই খেলেই সফল হয়েছে, ‘গত দুই মাসে নিউজিল্যান্ডে আমরা ভালো খেলেছি। আমাদের ব্যাটিংটা দারুণ হচ্ছে। তরুণেরাও ভালো খেলছে। প্রথমবারের মতো মনে হয়েছে, সবাই একটা দল হয়ে খেলছে।’