সবার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা: মেসি
দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ হিসেবে আছেন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। তার পরও বিশ্বকাপে ফেবারিটের দৌড়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে অনেকেরই অনীহা রয়েছে। তবে দলটির আক্রমণভাগের কেন্দ্রে থাকা লিওনেল মেসি জানিয়ে রেখেছেন, সবার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা।দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে প্রতিপক্ষের সামনে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে আক্রমণভাগের কেন্দ্রে রেখে দল সাজিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর সঙ্গে থাকছেন গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজের মতো তারকা। অনুশীলন ক্যাম্পে আজ শুক্রবার রয়টার্সকে ফিফা বর্ষসেরা মেসি বলেন, ‘খেলোয়াড় ধরে তুলনা করতে গেলে আর্জেন্টিনা পেছনে ফেলার মতো কেউ নেই।’স্প্যানিশ লিগে বার্সেলোনার শিরোপা জয়ের নায়ক মেসি। লিগে একাই ৩৪টি গোল করেছেন তিনি। তার পরও বিশ্বকাপের আগে পুরোনো অভিযোগ শুনতে হচ্ছে আর্জেন্টিনার ভরসার প্রতীক এই ফুটবলারকে। মেসির বিরুদ্ধে অভিযোগ, ক্লাবের হয়ে তিনি যতটা উজ্জ্বল জাতীয় দলের হয়ে ঠিক ততটাই অনুজ্জ্বল। দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপে মেসির নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেছেন অনেকেই। প্রতিক্রিয়ায় মেসি বলছেন, ‘এ পর্যায়ে এসে নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমি এখানে আমার দেশের জন্য কিছু একটা করতে এসেছি, সতীর্থদের জন্য করতে এসেছি।’