চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বিসিবির নতুন চুক্তির খেলোয়াড় তালিকাটা একটু কৌতূহলোদ্দীপকই
সবার জন্যই দরজা খোলা
গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রান করেছেন। অথচ শাহরিয়ার নাফীসকে রাখা হয়নি নতুন চুক্তিতে। গত বছর আগস্টে জিম্বাবুয়ে সিরিজে অভিষেকে একটু প্রতিশ্রুতির ছাপ রাখলেও এরপর আর আশা-জাগানিয়া কিছু করতে পারেননি। চার ম্যাচের তিনটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রান করেছেন ৭০। তবু বিসিবির নতুন চুক্তিতে নবাগত শ্রেণীতে আছেন শুভাগত হোম চৌধুরী।শাহরিয়ার নাফীসের দুর্ভাগ্যই হোক আর শুভাগতের সৌভাগ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বিসিবির নতুন চুক্তির খেলোয়াড় তালিকাটা একটু কৌতূহলোদ্দীপকই।গতবারের চুক্তি থেকে বাদ পড়াদের তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, নাঈম ইসলাম ও রকিবুল হাসান। আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর, আর এই চুক্তি কার্যকর হচ্ছে এ বছরের ১ জানুয়ারি থেকে। মাঝে ডিসেম্বর মাসে আগের চুক্তি অনুযায়ীই বেতন পেয়েছেন ক্রিকেটাররা। চুক্তি না থাকায় সে মাসে বেতন দেওয়া হয়েছে পাকিস্তান সিরিজে খেলা ২০ ক্রিকেটারকেই।খেলোয়াড় চুক্তির ক্ষেত্রে বিসিবির লিখিত নীতিমালা নেই। পরবর্তী এক বছর যাঁদের জাতীয় দলে প্রয়োজন হবে বলে মনে করা হয়, তাঁদেরই আনা হয় চুক্তির আওতায়। তবে এবারের চুক্তির বৈশিষ্ট্য, সম্ভাবনাময় পারফরম্যান্স দেখালে যে কেউ যেকোনো সময় ঢুকে যাবেন চুক্তিতে। চুক্তিবদ্ধদের কারও পারফরম্যান্স ভালো না হলে ছয় মাস পর বাদও পড়ে যেতে পারেন।কিন্তু জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্টেই যাঁর অমন পারফরম্যান্স, সেই শাহরিয়ার কেন থাকবেন না চুক্তিতে? চট্টগ্রামে বেড়াতে যাওয়া প্রধান নির্বাচক আকরাম খান টেলিফোনে ব্যাখ্যা দিলেন, ‘হ্যাঁ, একটা টেস্ট খেলেছে সে এবং তাতে ভালোও করেছে। তবে ঘরোয়া ক্রিকেটে সে ভালো করেনি। সব দিক ভেবেই চুক্তির বাইরে রাখা হয়েছে শাহরিয়ারকে।’শাহরিয়ারের তুলনায় সাম্প্রতিক আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পারফরম্যান্স একটু খারাপই। গত বছর আগস্টে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে ৭৩ আর ৩৯ করলেও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট খেলে রান করেছেন ১ ও ০। ওয়ানডেতে অবস্থা আরও খারাপ। ২০১০ এশিয়া কাপে ডাম্বুলায় ভারতের বিপক্ষে ২০ রানই সাম্প্রতিককালে তাঁর ‘সেরা’ ওয়ানডে পারফরম্যান্স। এরপর খেলা ১১টি ওয়ানডেতে সর্বোচ্চ রান ১৫। ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকেই ভালো যাচ্ছে না তার সময়। আমাদের মনে হয়েছে আশরাফুলের লম্বা রেস্ট দরকার। তবে খুব ভালো খেললে যেকোনো সময় তাকে চুক্তিতে নেওয়া হতে পারে। শুধু আশরাফুল না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য’—আশরাফুলের জন্য একটু আশাও বাঁচিয়ে রাখলেন আকরাম।আশাবাদী আশরাফুলও। ২০০৩ সালের পর এই প্রথম চুক্তি থেকে বাদ পড়লেও খুব হতাশ মনে হচ্ছে না তাঁকে, ‘আগেই বুঝতে পেরেছি হয়তো চুক্তিতে থাকব না। এটা এমন কিছু নয়...মাসে মাসে বেতন পাব না, এই তো! তবে আমি আত্মবিশ্বাসী, ভালো খেলে আবারও চুক্তিতে ফিরব।’গতবারের ১৮ জনের তালিকা থেকে আরও যাঁরা বাদ পড়েছেন, তাঁদেরও একই আশা দেখাচ্ছেন প্রধান নির্বাচক আকরাম খান, ‘শাহাদাত গত দুই বছর শুধু টেস্ট খেলেছে। এবার ওয়ানডেতে ফিরলেও ও আমাদের নিয়মিত ওয়ানডে বোলার নয়। একইভাবে অন্যদেরও প্রমাণ করতে হবে নিকট ভবিষ্যতে জাতীয় দলকে তারা কিছু দিতে পারবে। দরজা সবার জন্যই খোলা আছে।’কিন্তু শুভাগতের জন্য দরজাটা কি একটু আগে আগেই খুলে গেল না! প্রধান নির্বাচক সেটা মনে করেন না। নির্বাচক কমিটির দৃষ্টিতে বরং ‘ফিউচার প্লেয়ারের’ মর্যাদাই পাচ্ছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান, ‘শুভাগত জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজে ভালো ব্যাটিং করেছে। চার নম্বরে আশরাফুল-রকিবুলের পর ও-ই আমাদের বিবেচনায় আছে। এই জায়গায় একের বেশি দুজন খেলোয়াড় নিয়ে আলোচনা হলেই শুভাগত চলে আসে। ও আমাদের ফিউচার প্লেয়ার।’শুভাগত এখন প্রধান নির্বাচকের প্রত্যাশার প্রতিদান দিতে পারলেই হয়!