সবার নিচেই রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েকটি ম্যাচ শেষে রহমতগঞ্জের কোচ মাহমুদুল হকের মুখে ঘুরেফিরে একটাই কথা—‘এই বিদেশিদের দিয়ে চলছে না।’ দেশি ফুটবলাররা ক্লাবে থাকলেও বিদেশিরা থাকেন ক্লাবের বাইরে। দলের সঙ্গে অনুশীলন করেন না। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে স্টেডিয়ামে পৌঁছে দলের সঙ্গে যোগ দেন। কালও যেমন ১-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বিদেশিদের অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণেই পয়েন্ট ভাগ করতে হলো আরামবাগের সঙ্গে। দুই দলেরই জন্য ম্যাচটা ছিল অবনমন অঞ্চল থেকে নিরাপদ দূরত্বে আসার। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ পয়েন্ট তালিকার সর্বশেষ স্থানেই থাকল। অন্যদিকে ৯ নম্বর থেকে ৮-এ উঠে এল আরামবাগ।১৫ মিনিটে এগিয়েই যেতে পারত রহমতগঞ্জ। ইদ্রিস কাসারির শট বারের সামান্য ওপর দিয়ে যায়। তবে ২৮ মিনিটে রনির ক্রস থেকে মিডফিল্ডার সোহেল এনে দেন আনন্দের উপলক্ষ (১-০)। দ্বিতীয়ার্ধে আরামবাগ প্রায় একতরফা খেলে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি—৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে কিংসলের কোনাকুনি শটে ম্যাচে ফেরে আরামবাগ (১-১)। ৭০ মিনিটে গুডইউনের জোরালো শট কর্নার করে বাঁচান রহমতগঞ্জের গোলরক্ষক সুজন। পিছিয়ে পড়ার পর এই ড্রয়েই খুশি আরামবাগের কোচ জাহিদুর রহমান, ‘ছেলেদের খেলা আগের চেয়ে উন্নতি হয়েছে। আশা করি, রেলিগেশন সেভ হয়ে যাবে।’