সবার মুখে রোবেনহুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিনহুড কারও কাছে দস্যু। দস্যু তো আরিয়েন রোবেনও, বরুসিয়ার স্বপ্ন যে ছিনতাই করলেন! রবিনহুড কারও কাছে উদ্ধারকর্তা। বায়ার্ন মিউনিখকে যেমন উদ্ধার করলেন শেষ মুহূর্তে। পরশু গোল করিয়ে, শেষে নিজে করে আলোর সবটুকু কেড়ে নিয়েছেন বারবার ভাগ্যের কাছে প্রতারিত এই ডাচ তারকা। খোদ অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে বুঝে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের মেডেল। তবে প্রশংসার মেডেল তাঁর গলায় তুলে দিতে চাইছে সবাই। সবাই তাঁর প্রশংসায় ‘ষষ্ঠমুখ’।

কিন্তু রোবেন নিজে কী বলছেন? ‘আমি আজকের জন্য প্রস্তুত ছিলাম। এই ম্যাচটা আমি আমার মস্তিষ্কে আগেই খেলে রেখেছিলাম...তার পরও আপনি যখন শেষ মিনিটে গোল করিয়ে দলকে জেতাবেন, এটা মনে হবে স্বপ্ন। আমার পক্ষে এই মুহূর্তে সবকিছু অবিশ্বাস্য লাগছে। এটা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর মতো, চ্যাম্পিয়নস লিগ এমন একটা শিরোপা যেটি আমার মতো কেউ কেউ জিততে পারছিল না।’

২০১০ বিশ্বকাপ আর গতবারের চ্যাম্পিয়নস লিগ—দুই ফাইনালে একটুর জন্য গোল করতে না-পারার বেদনা যে তাঁকে কুরে কুরে খাচ্ছিল, সেটাও পরিষ্কার হয়ে গেল, ‘গতবারের ফাইনালটি তো আছেই, এ ছাড়া আমি ব্যক্তিগতভাবে একটা বিশ্বকাপ ফাইনাল হেরেছিলাম। ২০১০ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছি। আজ সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল। এখন আমি সেই পরাজয়গুলো ভুলে যেতে পারি।’

পরশুর জয় দিয়ে ইতিহাস গড়লেন ইয়ুপ হেইঙ্কেস। ইতিহাসের মাত্র চতুর্থ কোচ হিসেবে ভিন্ন দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেন। অথচ মাত্র চার বছর আগেই তাঁর ক্যারিয়ারটা শেষই হয়ে গিয়েছিল! সেই হেইঙ্কেস ৬৮ বছর বয়সে কী দুর্দান্ত প্রত্যাবর্তনটাই না করলেন! প্রথম জার্মান কোচ হিসেবে ট্রেবল (এক মৌসুমের তিন প্রধান শিরোপার) জেতার সামনে এখন তিনি। ‘এই মৌসুমে আমরা যেমন খেলেছি সেটা ব্যতিক্রম। কেউ সেটা ভাবতে পারেনি। চার বছর আগে আমার ক্যারিয়ারও একরকম শেষ হয়ে গিয়েছিল।’

গতবারের ফাইনালেও কোচ ছিলেন। সেবার নিজের মাঠে পারেনি বায়ার্ন। এবারের সাফল্য-রহস্যটা কী? ‘আমরা অনেক কিছুর উন্নতি ঘটিয়েছি, অনেক কিছুর সংশোধন করেছি। আমাদের দলের দলীয় যে চেতনা, এমনটা আর কখনোই ছিল না। খেলোয়াড়েরা একে-অপরকে দুর্দান্তভাবে বোঝে। আর আমিও সম্ভবত আগের চেয়ে এই বছরে আরও বেশি কঠোর, ছোট ছোট ব্যাপারগুলোতেও আরও বেশি মনোযোগী ছিলাম।’

চার বছরের মধ্যে এটি ছিল বায়ার্নের তৃতীয় ফাইনাল। সবচেয়ে বেশিবার ফাইনাল হারার রেকর্ড তাদের। এবারের শিরোপাটি তাই স্বস্তি হয়ে এসেছে অধিনায়ক ফিলিপ লামের কাছেও, ‘এটা অবিশ্বাস্য। বিরাট আনন্দের, বিরাট ভারমুক্তির।’

বায়ার্ন যখন উচ্ছ্বাসে ভাসছে, আক্ষেপে পুড়ছেন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ। শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যাওয়ার দুঃখ আছে, তা ছাড়া সাংবাদিকেরা এই বলে তাঁর দুঃখটা উসকে দিলেন, দান্তের অপরাধ তো শুধু পেনাল্টি নয়, দ্বিতীয় হলুদ কার্ডও। কথা দিয়ে এ কদিনে সবাইকে মুগ্ধ করে ফেলা ক্লপ যেন হয়ে গেলেন দার্শনিক, ‘এর চেয়েও বাজে রেফারিং সিদ্ধান্ত আছে ফুটবল ইতিহাসে। ওদের দশজনের বিপক্ষে আমরা ১১ জন খেললে কি জিততাম? আমি জানি না।’ এএফপি, রয়টার্স।