তাঁর উদ্যাপনের মধ্যেও একধরনের স্নিগ্ধতা থাকে। কিন্তু পরশু দ্বিতীয় গোলটার পর কেমন যেন অচেনা লাগল তাঁর উদ্যাপন। বুনো একটা গন্ধ মাখা, ঝাঁজাল। লিওনেল মেসির চোখমুখও রক্তবর্ণ। বোঝাই যাচ্ছিল, এই ম্যাচে কিছু করে দেখাতে ভেতরে ভেতরে ফুঁসছিলেন। একটি অবিশ্বাস্য এবং একটি অসাধারণ গোল করে তারই জবাব দিলেন মেসি। বার্সা অনেক দিন থেকেই ২৫ বছর বয়সীর ছোট্ট কাঁধটায় সওয়ার। বার্সাকে অনেকবারই উদ্ধার করেছেন। তবে আজ থেকে অনেক দিন পরে, হয়তো নিজের বুড়ো হয়ে যাওয়া সময়টাতেও মেসি এই ম্যাচের কথা ভাববেন। প্রথম লেগ থেকেই একরকম টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বার্সার এই প্রত্যাবর্তন সত্যিই অবিশ্বাস্য। সেই প্রত্যাবর্তনের নেতৃত্ব দিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর নিজে বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমরা এই খেলাটাই খেলে আসছি। সম্ভবত শেষ কয়েকটা ম্যাচে আমরা সামান্য ফর্ম হারিয়ে ফেলেছিলাম।’ বার্সা-যুগের সমাপ্তি—এই সেদিনও এমন কথা অনেকে বলেছেন। তারও জবাব দিয়ে দিলেন মেসিরা। টানা চারবার মেসি শুধু ফিফা বর্ষসেরাই হননি, টানা চার মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাও। এবার কেন জানি এই টুর্নামেন্টে ঠিক ধারাবাহিক দেখাচ্ছিল না। পরশুর জোড়া গোল মেসিকে তুলে আনল ক্রিস্টিয়ানো রোনালদোর একদম কাছাকাছি। রোনালদো আর বুরাক ইলমাজের গোল ৮, মেসির হলো ৭। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রুড ফন নিস্টলরয়কে তিনে ঠেলে উঠে এলেন দুইয়ে। সামনে ৭১ গোল নিয়ে শুধুই রাউল।নিজেকে ফিরে পাওয়া দারুণ এক গোল করা ভিয়াও মানছেন, মেসির প্রথম গোলটাই ম্যাচের হিসাব ঘুরিয়ে দিয়েছে। শুরু থেকেই বার্সা ছিল দারুণ আত্মবিশ্বাসী, ‘শুরুর গোলটা আমাদের অনেক সাহায্য করেছে। ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমরা জানতাম, আমরা পারব। সমর্থকদের জন্য খুব ভালো লাগছে। আমরা সব সময়ই বিশ্বাস করে এসেছি, তাদের জন্য, তাদের সঙ্গে নিয়ে আমরা এটা করে দেখাতে পারব। এবং আমরা তা পেরেছি।’পরশুর এই বার্সার মধ্যে গার্দিওলার সময়ের সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া, শ্রেষ্ঠতম বার্সার ছায়া দেখেছে অনেকে। দেখেছেন ম্যাচের আরেক গোলদাতা জর্ডি আলবা, ‘আমরা পুরোনো সেই বার্সাকে ফিরে আসতে দেখলাম। এবং এটাই আমাদের ধরে রাখতে হবে। মৌসুমের বাকি সময়টায় একই প্রাণোচ্ছ্বাস আর ক্ষুধা নিয়ে খেলতে হবে।’ম্যাচের আগে মেসিকে নিয়ে যে কজন উচ্চকিত ছিলেন, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তাঁদের একজন। মিলান কোচ আগের দিনই বলেছিলেন, মেসি একাই অনেক কিছু করে ফেলতে পারে। হলোও তা-ই। অ্যালেগ্রি প্রাপ্য বাহবাটা দিচ্ছেন। তবে নিয়াংয়ের গোলটি পেতে পেতে না পাওয়ার হাহাকারও তাঁর কণ্ঠে, ‘মাত্রই তো কয়েক সেন্টিমিটারের ব্যবধান! সেই গোলটা হলে আমরা হয়তো এখানে অন্য রকম একটা ম্যাচ নিয়েই কথা বলতাম।’ম্যাচের আসল নেপথ্য নায়ক ইনিয়েস্তার কথা বলেছেন বিশেষ করে, ‘৯০তম মিনিটেও যখন অনায়াসে ইনিয়েস্তাকে ড্রিবল করতে দেখবেন, তখনই তো আপনার অনেক কিছুই বুঝে যাওয়ার কথা। মেসি, জাভি, ইনিয়েস্তা—এই অবিশ্বাস্য তিন খেলোয়াড়কে নিয়ে বার্সাই বিশ্বের সেরা দল।’ এএফপি, রয়টার্স।