সবার মুখেই ‘মেসি’
কপাল আর দুই কাঁধ ছুঁয়ে ক্রুশ আঁকা, দুই তর্জনী উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানানো ঈশ্বরকে, এর পর কৈশোরের উচ্ছ্বাসে ঝাঁপিয়ে কোনো সতীর্থের কোলে উঠে বসা—এই হলো লিওনেল মেসির গোল উদ্যাপন। গত চার ম্যাচে মোট আটবার এমন উদ্যাপন করলেন।লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পরের ম্যাচে আবারও তিন গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পরশু। এবার হ্যাটট্রিক পাননি, তবে দুই গোল করে মৌসুমে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৩১-এ। সাফল্য-মোড়ানো গত মৌসুমে গোল করেছিলেন ৩৮টি। মেসি নেমেছেন নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায়। আবারও তাই শুরু হয়েছে মেসি-বন্দনা। প্রতিপক্ষের কোচের কাছ থেকেই সবচেয়ে বড় প্রশংসাটা পেলেন। ক্রিস্টিয়ান গ্রস বলেছেন, ‘ও অবশ্যই বিশ্বসেরাদের একজন। অনেকেই যে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ওর তুলনা করে, সেটা যথার্থই। ওর বয়স মাত্র ২২ বছর এটা ভাবলে অবাক হতে হয়। ও আসলেই দুর্দান্ত এক খেলোয়াড়।’ম্যারাডোনার সঙ্গে তাঁর তুলনা আসছে অনেক দিন ধরেই। এতে নতুনত্ব নেই। এদিক দিয়ে বার্সা কোচ পেপ গার্দিওলা বরং নতুন কথাই শোনালেন। মেসিকে তিনি তুলনা করলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্টদের সঙ্গে, ‘সেরা খেলোয়াড়েরা সব সময় ম্যাচের ঘটনাপ্রবাহের কেন্দ্রে থাকে। বুলসের হয়ে জর্ডান যেমন ছিল। লেকার্সের হয়ে ব্রায়ান্ট যেমন থাকে।’বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সবচেয়ে বড় গুণ হিসেবে দেখছেন তাঁর নিঃস্বার্থ মানসিকতা। নিজে শুধু গোলের জন্য মুখিয়ে থাকেন না, সতীর্থদের গোলও বানিয়ে দেন। পরশু ম্যাচে পেদ্রোর গোলটির মূল কারিগর ছিলেন তিনি।এক ব্যক্তির প্রশংসা করে নিত্যদিন আর কত লেখাই বা লেখা যায়! ক্রীড়া সাংবাদিক আর কলাম লেখকদের জন্যও তাই মেসি এখন একটি চ্যালেঞ্জ। এল পাইস-এর কলামিস্ট র্যামন বেসা যেমন মেসির খেলাটাকে তুলনা করলেন জ্যাজ শিল্পীদের সঙ্গে, ‘জ্যাম সেশন অ্যাট ন্যু ক্যাম্প’ শিরোনামে তিনি লিখেছেন, ‘মেসি এমনভাবে খেলে, ও যেন জ্যাজ সংগীতশিল্পী, প্রতি রাতে চেনা সুরই বাজায়, কিন্তু তার পরও নতুন লাগে।’ওদিকে মেসির সতীর্থ ভিক্টর ভালদেসের আশা, মেসি একদিন ইতিহাসে ছাড়িয়ে যাবেন সবাইকে, ‘মেসি এরই মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। একদিন ও হয়তো ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করবে।’মেসির প্রশংসার ঢেউ গিয়ে লেগেছে জার্মান মিডিয়াতেও। তাদের দল ভিএফভি স্টুটগার্টের ৪-০ গোলের পরাজয়েও তাই ‘লজ্জা’র কিছু দেখছে না তারা। বরং স্টুটগার্ট একদিক দিয়ে উপকৃত হয়েছে মন্তব্য করে ফ্র্যাঙ্কফুর্টার রান্ডশাউ লিখেছে, ‘বুধবার রাতে ন্যু ক্যাম্পে সোয়াবিয়ানরা (স্টুটগার্ট) ফুটবল শিখল।’ ওয়েবসাইট।