সবার সহযোগিতা চান নাজমুল

বোর্ডপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই সামনে এসে দাঁড়িয়েছিল বড় এক চ্যালেঞ্জ। সে সময় লেজেগোবরে থাকা বিপিএলকে জোড়াতালি দিয়ে হলেও মাঠে নামাতে পেরেছিলেন নাজমুল হাসান। এবারের চ্যালেঞ্জ আরও বড় বলেই সাফল্যের হাসিটাও আরও বেশি চওড়া। শ্রীলঙ্কাকে বাংলাদেশে আসতে রাজি করানো গেছে, থেকে গেছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই। বিসিবির ক্রিকেট কূটনীতির বড় সাফল্যই বলা যায় গত কদিনে কলম্বোর ও দুবাইয়ের সভা দুটিকে।
তবে সবকিছুর সঙ্গেই যোগ করতে হচ্ছে একটি শব্দ, ‘আপাতত।’ দুবাইয়ে আইসিসির সভা থেকে কাল দেশে ফিরে বোর্ডপ্রধান জানালেন, দেশের অবস্থা এখনকার মতোই থাকলে কোনো টুর্নামেন্ট নিয়েই শঙ্কা নেই। কিন্তু পরিস্থিতির অবনতি হলেই বিপদ। এ জন্যই দেশে ফিরে নাজমুল হাসানের আহ্বান, ‘আমাদের মূল দায়িত্ব আমরা পালন করতে পেরেছি। দেশের বাইরে সবাইকে বোঝাতে পেরেছি। এখন সব রাজনৈতিক দল, সব পক্ষ, আপনার-আমার, দায়িত্ব সবার। এত কাছাকাছি তিনটি বড় ইভেন্ট কখনো কোথাও হয়নি। একটা ছোট্ট ঘটনার জন্য আমাদের যদি পাকিস্তানের মতো অবস্থা হয়, যে আগামী ১০-২০ বছর আর কোনো দল এল না, তাহলে তো খুব খারাপ হবে।’
ওই ‘ছোট্ট ঘটনা’ কেমন হতে পারে, সেটাও উঠে এল বিসিবিপ্রধানের কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ হলো, এ জন্য তারা চলে গেল। সামনের এই তিনটি টুর্নামেন্টেও এমন কিছু হলে অবস্থা আরও খারাপ হতে পারে। বাংলাদেশে এত এত রাস্তা, এত জায়গা, আমরা তো আর সব সময় সব দেখতে পারব না। এ জন্যই রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার সহযোগিতা চাইছি। দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব সবার।’
বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) এম এ লতিফ সম্প্রতি দলের পক্ষ থেকে জানিয়েছেন, ক্রিকেটকে আন্দোলন কার্যক্রমের বাইরে রাখবে বিএনপি। এটিকে ইতিবাচক দেখছেন নাজমুল হাসান, ‘আমাদের বিশ্বাস ছিল, বিএনপি ব্যাপারটি বুঝবে। তাদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
শ্রীলঙ্কা অবশ্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ‘সফর নিশ্চিত’ কথাটি এড়িয়ে গেছে। তবে বিসিবিপ্রধান জানালেন, এসএলসি-প্রধান নিশ্চিতই করে দিয়েছেন। শ্রীলঙ্কার নিরাপত্তা দলের সফরে নিরাপত্তা-সংক্রান্ত কিছু ব্যাপার কেবল এদিক-সেদিক হতে পারে। বরং বিসিবির আঁটসাঁট নিরাপত্তা পরিকল্পনা দেখে উল্টো শ্রীলঙ্কা নাকি ড্রেসিংরুমের আশপাশেসহ দু-একটি জায়গায় আরেকটু শিথিল করতে বলেছে।
শেষ পর্যন্ত বাংলাদেশে সবকিছু হচ্ছেই দেখে পাকিস্তানের সুরও এখন খানিকটা পাল্টে গেছে, ‘পাকিস্তান জানতে চেয়েছিল ওদের বাড়তি নিরাপত্তা দেওয়া যাবে কি না। আমি বলেছি “আমরা সব দলকেই সর্বোচ্চ নিরাপত্তা দেব। তোমাদের লোক এসে দেখে যাক, যদি মনে করে বাড়ানো প্রয়োজন, তাহলে বাড়ানো হবে।” পাকিস্তানকে নিয়ে সত্যিই টেনশনে ছিলাম, এখন আর নেই।’
সব মিলিয়ে আপাতত স্বস্তির সুবাতাস। সেটা ধরে রাখতেই সবাইকে পাশে চান বিসিবিপ্রধান। এ জন্যই বারবার মনে করিয়ে দিয়েছেন—দেশের দায়িত্ব সবার!