সবার সহযোগিতা চায় বিওএ
বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়া ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তাবেষ্টনীতে, কিন্তু ভেতরে বিয়েবাড়ির উৎসব। কত দিন পর ক্রীড়াঙ্গনে এমন আনন্দঘন পরিবেশ!তবে বাংলাদেশ গেমসের বাঁশি বেজে ওঠার প্রাক্কালে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। আগামীকাল নয় দিনের গেমস শুরু হবে আনুষ্ঠানিকভাবে। গতকাল হয়ে গেল গেমসের সংবাদ সম্মেলন। এই প্রথম বাংলাদেশ গেমসের কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। কুয়েতে বাংলাদেশের এই রাষ্ট্রদূত দুই দিন আগে ঢাকায় ফিরেছেন। মহাসচিবকে ছাড়াই এই কদিন গেমসের প্রস্তুতি এগিয়েছে, তাঁর অনুপস্থিতিতে আয়োজনের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হলেও সিদ্ধান্তহীনতায় ভুগেছেন অন্যরা।তবে সংবাদ সম্মেলনে শাহেদ রেজা বললেন, ‘কুয়েতে থাকলেও আমি সার্বক্ষণিক সবকিছু তত্ত্বাবধান করেছি। বর্তমান প্রযুক্তির যুগে স্কাইপে, এসএমএস, ফোনের মাধ্যমে যোগাযোগ রাখা যায়। আমি সেটি করেছি। সিদ্ধান্ত দিয়েছি, সব তত্ত্বাবধান করেছি আমিই। কাজেই আমি না থাকায় কোনো সমস্যা হয়নি।’মহাসচিব এসে পড়ায় কাজের গতিপ্রাপ্তি দৃশ্যমান। তবে বাংলাদেশে বরাবর যা হয়, অগোছালো অবস্থাটা রয়েই গেছে। একেকজন একেক রকম কথা বলেন। গেমস নিয়ে এই হ-য-ব-র-ল কেন? এমন প্রশ্নে আয়োজক কমিটির অনেকে নাম প্রকাশ না করার শর্তে কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করছেন। তবে সংবাদ সম্মেলনে মহাসচিবের দাবি, ‘হ-য-ব-র-ল অবস্থা নেই। সব ঠিকঠাক চলছে। আমি পজিটিভ লোক। নেগেটিভ চিন্তা করি না।’২০-২৮ এপ্রিল গেমস চলাকালে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তখন কী হবে? সময়ের সবচেয়ে বড় প্রশ্ন এটাই এবং উত্তরটাও বাঁধা সময়ের হাতে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন মহাসচিব, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে বিরোধী দলের সহযোগিতা কামনা করছি আমি। গেমসটাকে সফল করতে সংবাদমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। সেটা পেলে আশা করছি, একটা সফল গেমস আয়োজন করতে পারব আমরা।’চেষ্টা করেও বিরোধী নেত্রীর সাক্ষাৎ পাননি বিওএ কর্মকর্তারা। শেষমেশ সংসদে প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গেমসের মিডিয়া কমিটির সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।বাংলাদেশের মতো দেশে গেমসের বাজেট নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। খেলা ছাপিয়ে সেটি বড় হয়ে ওঠে বরাবর। এবারও উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের বরাদ্দ নিয়ে কথা হচ্ছে। এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্যও মিলছে না। মহাসচিব জানান, গেমসের বাজেট ২১ কোটি ৭৪ লাখ টাকা। তবে উদ্বোধনী-সমাপনীর জন্য একবার বলা হয়েছে ৬ কোটি, একবার ৭ কোটি, শেষে এটি দাঁড়িয়েছে ৮ কোটিতে। উদ্বোধনীতে বিপুল টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে শাহেদ রেজা বলেন, ‘গেমসের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাটই হয়।’ আনুষ্ঠানিকতার ওপর বেশি জোর দিয়ে খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে কি না—প্রশ্নে তাঁর জবাব, ‘খেলোয়াড়দের ব্যাপারটা আমরা দেখব।’