আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে, টেস্টে দুইয়ে। নিউজিল্যান্ড দুই ক্ষেত্রেই ৮ নম্বরে। আগামীকাল নেপিয়ারের প্রথম ওয়ানডে দিয়ে শুরু সিরিজে স্বাভাবিকভাবেই ভারত ফেবারিট। তবে মার্টিন ক্রোর বিশ্বাস, র্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধান কোনো ব্যাপারই নয়। বরং নিউজিল্যান্ডের সিরিজ জয়ের ভালো সুযোগ থাকবে। শর্ত একটাই—নিউজিল্যান্ডকে অবশ্যই বানাতে হবে সবুজ উইকেট। যে উইকেট পেসারদের সহায়তা করবে দুহাত ভরে।
ঘাসে ভরা বাউন্সি আর আর্দ্র উইকেটে ভারতীয়দের দুর্বলতাটা চিরকালীন। আর ভারতের বিপক্ষে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলা সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যানের তো আছে বাস্তব অভিজ্ঞতাই। সিরিজ শুরুর আগে তাই ক্রোর আহ্বান, উইকেট যেন হয় পেসারদের স্বর্গরাজ্য। ক্রিকইনফোতে লেখা নিজের কলামে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘উইকেট হতে হবে অবশ্যই সবুজ ও আর্দ্র। সম্প্রতি এই পরিবেশ অবশ্য দেখা যাচ্ছে না। তবে হ্যাডলি অ্যান্ড কোং-এর অতীত সাফল্য দুর্দান্ত। তারা বল করতে ভয় করত না। বরং বাতাসকে কাজে লাগিয়ে সিম আদায় করে নিত। অভিজ্ঞ জহির খানের সমন্বয়ে গড়া ভারতীয় বোলিং আক্রমণের প্রতি সম্মান রেখেই বলছি, স্থানীয় গ্র্যান্ডসম্যানদের উচিত হবে পিচে ইচ্ছেমতো পানি দেওয়া।’
৭৭টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলা ক্রোর বিশ্লেষণে ধরা পড়েছে ভারতীয়দের আরও একটা দুর্বল দিক। ভারত সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল ২০০৯ সালে। ওই সিরিজে টেস্ট খেলা মাত্র তিনজন আছেন এই দলে—অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, জহির খান ও ইশান্ত শর্মা। ধোনির দলের বাকি সবারই এটাই প্রথম নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ডের পেসারদের নিয়ে ক্রো তাই আত্মবিশ্বাসী, ‘নিউজিল্যান্ডের উচিত হবে তাদের অনভিজ্ঞ লাইনআপের দিকে মনোযোগ দেওয়া, যারা আগে কখনোই এই কন্ডিশনে ব্যাট করেনি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ওয়াগনারদের (অথবা অ্যাডাম মিলনে) লক্ষ্য থাকবে ভারতের শীর্ষ ছয়। তারা আত্মবিশ্বাসী, ফিট এবং একসঙ্গে ভালোভাবে কাজও করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শীর্ষ পর্যায়ের যেকোনো ব্যাটসম্যানকে তার ইনিংসের শুরুর দিকে সমস্যায় ফেলার মতো যথেষ্ট সুইং আদায় করে নিতে সক্ষম তারা।’ ওয়েবসাইট।