সবুজ ও সুইংয়ে রাহানের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট আর প্রথম শ্রেণি মিলিয়ে ১৭ বছরের ক্যারিয়ার। লর্ডসে কম খেলেননি নাসের হুসেইন। দেখেছেন আরও অনেক বেশি। কালকের লর্ডস তবু চমকে দিল সাবেক ইংল্যান্ড অধিনায়ককে, ‘লর্ডসে এত সবুজ উইকেট জীবনে দেখিনি।’ প্রেসবক্স থেকে ধারাভাষ্যকক্ষ, দুই দলের ড্রেসিংরুম—সব জায়গায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ‘সবুজ’। আউটফিল্ড থেকে উইকেট আলাদা করাই কঠিন। কেভিন পিটারসেন অবশ্য টুইট করলেন, ‘টস জিতলে অবশ্যই ব্যাট করা উচিত। বল ২০ ওভার পুরোনো হলেই লর্ডসের উইকেট ফ্লাট।’ টুইটেই ডেভিড ‘বাম্বল’ লয়েডের সতর্কবাণী, ‘উইকেটের সবুজ দেখে ধোঁকা খেয়ো না।’
অ্যালিস্টার কুক তবু ফিল্ডিংই নিলেন টস জিতে। ভুল করেননি। লর্ডসের সবুজ ধোঁকা দেয়নি। ব্যাটিংয়ে নামা ভারত দিশেহারা ইংলিশদের সুইং বোলিংয়ে। শেষ পর্যন্ত রাহানে-ভুবনেশ্বর মিলে গড়লেন প্রতিরোধ। অষ্টম উইকেটে নব্বই রানের জুটি গড়ে দলকে নিয়ে গেছেন ২৯০ রানে, হাতে উইকেট আরও একটি। লর্ডসের সবুজ উইকেটে রানটা লড়াই করার মতোই!
ইংলিশদের বোলিং-নায়ক যথারীতি সেই একজন। রবীন্দ্র জাদেজাকে ‘গালাগাল ও ধাক্কা’ বিতর্কে টেস্টের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন যিনি। অধিনায়ক কুক বলেছিলেন, ‘আশা করি, বল হাতেই জবাব দেবে জিমি।’ তা জবাব দিলেন বটে! নিজের দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু। সুইং বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনী। প্রথম রান দিয়েছেন ৩২তম বলে, সেটাও বিজয়ের ব্যাটের বাইরের কানায় লেগে। শিখর ধাওয়ানকে ফেরানোর পর অসাধারণ এক আউটসুইঙ্গারে ফিরিয়েছেন বিরাট কোহলিকে, ইনসুইঙ্গারে স্টুয়ার্ট বিনিকে। জিমি অ্যান্ডারসন আরেকবার চিনিয়েছেন নিজের জাত। সঙ্গ দিয়েছেন সতীর্থরাও। প্রথম সেশনে খানিকটা শর্ট লেংথে বল করেছেন ব্রড-প্লাঙ্কেটরা। কিন্তু পরে ঠিকই শুধরে নিয়েছেন নিজেদের। উইকেট পেয়েছেন ইংল্যান্ডের সব বোলার, এমনকি মঈন আলীও। এ মুহূর্তে ইংল্যান্ডে খলনায়ক জাদেজাকে লর্ডসের গ্যালারি স্বাগত জানিয়েছে দুয়োতে। সেই মানসিক ধাক্কা সামলাতে পারেননি জাদেজা, মঈনের পার্টটাইম অফ স্পিনে ফিরে গেছেন ৩ রান করেই।
তবে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছেন রাহানে। ১৫টি চারের মধ্যে বেশ কয়েকটি ছিল চোখধাঁধানো। অ্যান্ডারসনকে উড়িয়ে মেরেছেন একমাত্র ছক্কাটি, পরে নিজের বলে দুর্দান্ত এক ক্যাচে রাহানেকে ফিরিয়ে শোধ নিয়েছেন অ্যান্ডারসন। ক্রিকইনফো।