ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল পরিদর্শক দল আসবে বেলা সাড়ে ১২টায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগে থেকে তাই অপেক্ষায় জনা পঞ্চাশেক সাংবাদিক। কিন্তু প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর স্টেডিয়ামের প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকলেন জুলিয়ান কামিনো—আর্জেন্টিনার সহকারী কোচ। গায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোসংবলিত জার্সি। পরনে ট্র্যাকস্যুট। কামিনোর সঙ্গে স্টেডিয়ামে ঢুকলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির সদস্য পারনাস অস্কার আলবার্তো, মূল আর্জেন্টাইন এজেন্ট মার্টিন রডরিগো ও সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের কর্মকর্তা ধর্মদত্ত পান্ডে। স্টেডিয়ামে ঢুকেই তাঁরা সোজা চলে গেলেন মাঠের মাঝখানে। কামিনো হাত বুলিয়ে দেখলেন মাঠের ঘাস। ছবি তুললেন ঘাসের, মাঠের ভিডিও করলেন অস্কার আলবার্তো। মাঠ সোজা ড্রেসিংরুমের দিকে ছুটলেন তাঁরা। পেছনে বাফুফে সহসভাপতি বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর, আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমানরা। প্রত্যেকের সংশয়াচ্ছন্ন মুখ। কোচ আলেজান্দ্রো সাবেলার কাছে কি সবুজ সংকেত পৌঁছাবে? ৬ সেপ্টেম্বর এই মাঠে কি পা পড়ছে মেসিদের? তখনো ড্রেসিংরুমের সংস্কারকাজ চলছিল। সবাই ঘুরে ঘুরে দেখলেন ড্রেসিংরুম। মিনিট বিশেক বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাকলেও কোনো মন্তব্য না করে বাইরে চলে এলেন কামিনো। সোজা গিয়ে বসলেন গাড়িতে। পরের গন্তব্য ফতুল্লা স্টেডিয়াম। ক্রীড়া পরিষদ, বাফুফে ও বিসিবির মধ্যে গত কয়েক দিনের দেনদরবার শেষে ওটিকেই বেছে নেওয়া হয়েছে অনুশীলন ভেন্যু হিসেবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখে পর্যবেক্ষক দল অখুশি নয়। খেলোয়াড়দের মাঠ থেকে ড্রেসিংরুমে যাওয়ার টানেল না দেখে তাঁরা আপত্তি করেছেন। আপত্তি ড্রেসিংরুমে মাত্র দুটি শাওয়ার দেখে। কিন্তু ফতুল্লা স্টেডিয়াম দেখার সময় কামিনো স্পষ্টই বিরক্ত ছিলেন। এমনিতেই ভাপসা গরম, সেই সঙ্গে ঢাকার ‘ঐতিহ্যবাহী’ যানজটে পড়ে একেবারে নাকাল অবস্থা তাঁদের। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ফতুল্লা যেতে পর্যবেক্ষক দলের সময় লাগল পাকা দেড় ঘণ্টা। সেখানেই আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল জানালেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আমাদের চিন্তা নেই। ওরা সবুজ সংকেতই দিয়েছে। তবে ড্রেসিংরুম ও বাথরুম নিয়ে আপত্তি তুলেছে। এ ছাড়া ড্রেসিংরুম থেকে মাঠ পর্যন্ত টানেল তৈরি করতে হবে।’ ক্রীড়া পরিষদ পরিচালক আবদুর রহমান মোটামুটি নিরুদ্বিগ্ন, ‘আমরা ড্রেসিংরুমটা মেসিদের আসার আগেই ঠিক করে দেব। ওদের ড্রেসিংরুমের মূল নকশা দেখিয়েছি। তা দেখে ওরা সন্তুষ্ট। আর বাথরুমেও শাওয়ার ও টয়লেট বাড়িয়ে দেব।’ ম্যাচের ভেন্যু নিয়ে দুশ্চিন্তা না থাকলেও অনুশীলন ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম নিয়ে বেশ আপত্তি আছে আর্জেন্টিনার সহকারী কোচের। মূল আপত্তির জায়গা দূরত্ব এবং যানজট। বাফুফে কর্মকর্তারা ও আবদুর রহমান তাঁকে আশ্বস্ত করছিলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। ঈদের পর বলে যানজটও থাকবে না। ঢাকা থেকে ফতুল্লা যেতে-আসতে সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগবে।’ এতে জুলিয়ান কামিনো কতটা আশ্বস্ত হলেন, কে জানে!ভাষার দূরত্বে কামিনোর কথা বোঝেনি মিডিয়া। তবে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসা রডরিগো বললেন, ‘মেসিরা বাংলাদেশে ফুটবল খেলতে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে এসে তারা কোথায় অনুশীলন করবে এবং কী কী সুযোগ-সুবিধা পাবে, তা নিয়ে একটা রিপোর্ট দেবেন কামিনো এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে।’ বিকল্প অনুশীলন ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়ামকেও দেখাতে চেয়েছিল বাফুফে। কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে আর যাওয়া হয়নি। আজ সকালে ঢাকা ছেড়েছে পরিদর্শক দল।