সবুজের কাছে হারল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছরের তরুণ সবুজ কুমার বিশ্বাস বাংলাদেশ লিগে খেলছেন চতুর্থবারের মতো। টানা তিন বছর ব্রাদার্সে খেলে এবার এসেছেন আরামবাগে। এত দিন দেশের শীর্ষ লিগে নড়াইলের ছেলেটির কোনো গোল ছিল না। সেই খরা কাটিয়ে কাল পেলেন প্রথম গোল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাঁর একমাত্র গোলই এদিন বাংলাদেশ লিগে আরামবাগ পেল মহামূল্যবান এক জয়। জয়টা মুক্তিযোদ্ধার বিপক্ষে। গোপালগঞ্জে নিজেদের মাঠে অপরাজেয় হয়ে ওঠা মুক্তিযোদ্ধা ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটা হেরে বড় ধাক্কাই খেল। ২৩ মিনিটে সুবজ করেন গোলটি। খালেদের ক্রস পেয়ে হেডে লক্ষ্যভেদ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সবুজের চোখে-মুখে ছড়িয়ে পড়ল গোল পাওয়ার পরিতৃপ্তি, ‘আমি মূলত রক্ষণেই খেলতাম এত দিন। তবে আজ কোচ আমাকে মাঝমাঠে সুযোগ দেন। বাংলাদেশ লিগে একটা গোল করার স্বপ্ন ছিল আমার। সেটা অবশেষে পূরণ হয়েছে।’ মুক্তিযোদ্ধা এদিন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি প্রথমার্থে। তবে দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠলেও সমতাসূচক গোলটা পায়নি সুযোগের অপচয় করে। আরামবাগও যে খুব ভালো ফুটবল খেলেছে তা নয়। গোলটা ধরে রেখে মাঠ ছাড়তে পারাই তাদের জন্য ছিল কৃতিত্বের।ম্যাচের পর মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম বললেন, ‘সুযোগ কাজ লাগানো যায়নি বলেই আজ হারতে হলো। এই পরাজয় আমাদের কাছে অপ্রত্যাশিত।’ ওদিকে অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো তিন পয়েন্ট পেয়ে ভীষণ খুশি আরামবাগের কোচ শাহাদাত হোসেন, ‘তিন পয়েন্ট পাব ভাবিনি। এটা অনেক বড় আশীর্বাদ আমাদের জন্য।’৯ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৪। শীর্ষে থাকা আবাহনীর চেয়ে তারা ৬ পয়েন্ট পেছনে। সমান ম্যাচে আরামবাগের সংগ্রহ ছয়। দুই জয়ে অবনমন বাঁচানোর লড়াইয়ে একটু এগোল আরামবাগ।