সবুরে মেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচের সেঞ্চুরি থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আজ আবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মোহাম্মদ হাফিজ। ৬১তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি! পাকিস্তানি ওপেনার জেনে স্বস্তি পাবেন প্রথম সেঞ্চুরির জন্য তাঁর চেয়েও বেশি অপেক্ষায় থাকতে হয়েছে অনেক বিখ্যাত ক্রিকেটারকে। জানলে অবাক হবেন, প্রথম সেঞ্চুরির দেখা পেতে ১৮৭ ম্যাচ অপেক্ষায় থাকতে হয়েছিল সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহকে! মার্ক বাউচারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি এসেছে ২২০তম ম্যাচে। তবে অপেক্ষার যন্ত্রণায় আরও বেশি পুড়েছেন বাউচারের এক সাবেক অধিনায়ক। ২৮৫তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছেন শন পোলক! প্রথম সেঞ্চুরির আগে ম্যাচ খেলার সেঞ্চুরি হয়ে গিয়েছিল সব মিলিয়ে ১০ জনের। সময়ের দিক থেকে রেকর্ডটি অবশ্য সুনীল গাভাস্কারের। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচের আগের ম্যাচে প্রথম সেঞ্চুরি পান গাভাস্কার, সময়ের হিসাবে ১৩ বছর ১১০ দিন। ১০ বছরের বেশি অপেক্ষায় থাকতে হয়েছে আরও ৮ জনকে।