সবেধন নীলমণিও বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ কেলেঙ্কারিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়ার ৬৮ জনই নিষিদ্ধ হয়েছিলেন। সবেধন নীলমণি হয়ে ছিলেন শুধু দারিয়া ক্লিশিনা। কিন্তু স্বতন্ত্র হিসেবে রিওতে আসা ২৫ বছর বয়সী এই লং জাম্পারের কপালও এবার পুড়ল। শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ হয়েছেন তিনি। ক্লিশিনা অবশ্য এর মধ্যেই সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করেছেন। সেটি আজই জানার কথা, মেয়েদের লং জাম্পের বাছাই শুরু হবে আজ।
রাশিয়ার নাগরিক হলেও তিন বছর ধরে ক্লিশিনা বাস করছেন ফ্লোরিডায়। আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায়ও ডোপ পরীক্ষা দিয়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন। আইএএফ নিষিদ্ধ করলেও পরে সিএএস তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলেরেনের প্রতিবেদন অনুযায়ী ক্লিশিনাও সংশয়ের ঊর্ধ্বে নন। সে কারণেই তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি দিমিত্রি শ্লিয়াকতিন সেটি নিশ্চিত করেছেন। এএফপি।