সভাপতি হয়ে স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা

সরকারি ছুটির দিনেও এনএসসি টাওয়ার লোকে লোকারণ্য। হাতে নাজমুল হাসানকে অভিনন্দন জানানো ব্যানার, মুখে স্লোগান। ‘আবহ সংগীত’ হিসেবে থাকল ব্যান্ডবাদকদের কান ফাটানো ঢোল-বাদ্যির শব্দ। একটু পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন নতুন বিসিবি সভাপতি। কিন্তু সে তো আনুষ্ঠানিকতামাত্র। অত্যুৎসাহী সমর্থকদের ততক্ষণ অপেক্ষা করার ধৈর্য কোথায়!
আফজালুর রহমান সিনহা ও শফিউল আলম চৌধুরী দেশের বাইরে। এই দুজন ছাড়া বিসিবির নবনির্বাচিত পরিচালকদের সবাই উপস্থিত থাকলেন সভাপতি নির্বাচনের এই আনুষ্ঠানিকতায়। প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানের পরিচালনায় মিনিট পাঁচেকের মধ্যেই সর্বসম্মতিক্রমে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হয়ে গেলেন সর্বশেষ অস্থায়ী কমিটির প্রধান নাজমুল হাসান। এরপর শুরু নতুন সভাপতিকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানোর প্রতিযোগিতা। মিষ্টি খাওয়ার উৎসবও চলল।
গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল হাসানের সভাপতিত্বে এই পরিচালনা পর্ষদের বিসিবির দায়িত্বে থাকার কথা আগামী চার বছর। নতুন সভাপতি প্রথম দিনেই ঘোষণা দিলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনোর, ‘আগামী তিন মাসের মধ্যে ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করব। বাংলাদেশের ক্রিকেটকে যেখানে দেখতে চাই, সেখানে নেওয়ার জন্য যা যা করা দরকার, সব থাকবে পরিকল্পনায়।’
এই বড় কাজ করার সাহস কোত্থেকে পাচ্ছেন—নাজমুল হাসান ব্যাখ্যা করলেন সেটিও, ‘ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, সিনহা সাহেব, সিরাজ ভাই, ইকবাল ভাই, মাহবুবুল আনাম সাহেব—ক্রিকেট বোর্ডে অনেক দিনের অভিজ্ঞতা তাঁদের। সঙ্গে আকরাম, দুর্জয় (নাঈমুর রহমান), সুজনের (খালেদ মাহমুদ) মতো সাবেক ক্রিকেটাররা আছেন। তাঁদের ইনপুট অনেক কাজে দেবে। আমার দৃঢ়বিশ্বাস নতুন-পুরোনোর সমন্বয়ে আমরা একটা সুন্দর পরিকল্পনা করতে পারব।’ সভাপতির ভাষায় এই পরিকল্পনা হলো, ‘বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা।’ পরিকল্পনা বাস্তবায়নে যোগ্যতা অনুযায়ী দায়িত্বের বণ্টন হবে বলেও জানালেন নাজমুল।
নির্বাচনপ্রক্রিয়া শেষ করতে কম বাধা পেরোতে হয়নি। নির্বাচন থামাতে আজ আপিল বিভাগে আবেদন তো কাল জজকোর্টের কারণ দর্শানো নোটিশ। আপিল বিভাগের রায় অনুযায়ী গঠনতন্ত্রে সমস্যা থেকে থাকলে নির্বাচনের পরও বাতিল হতে পারে বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ। তার পরও নির্বাচনটা শেষ হওয়ায় স্বস্তি নাজমুলের, ‘আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী গত ৩০ জুনের মধ্যে সব দেশের ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি আনার কথা ছিল। কিন্তু আদালতে মামলা বিচারাধীন থাকায় সেটা আমরা পারিনি। আইসিসি তার পরও আমাদের কিছু সময় বাড়িয়ে দেয়। এ মাসের ১৭ তারিখই ছিল আমাদের শেষ সময়। তার আগেই নির্বাচন হয়ে যাওয়ায় আমি খুশি।’ ১৭ থেকে ১৯ অক্টোবর লন্ডনে অনুষ্ঠেয় আইসিসির সভায় বিসিবির নির্বাচিত হিসেবে যেতে পারছেন বলে স্বস্তি পাচ্ছেন বলে জানালেন নাজমুল, ‘বারবার বাধার মুখোমুখি হওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা ছিল। তবে আমি খুব খুশি। সব বাধাবিপত্তি উপেক্ষা করে মুখ উঁচু করে আমরা সভায় যোগ দেব।’
নাজমুল হাসানের অস্থায়ী কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছিল বিপিএলের ফিক্সিং তদন্ত। আকসুর সাহায্য নিয়ে তদন্তটা ঠিকঠাক শেষ হলেও বিচারকাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে পারেনি বিসিবি। তবে বোর্ড সভাপতি কাল জানালেন, ‘ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে। যিনি প্রধান হবেন, আজই (গতকাল) তাঁর সম্মতি পেয়েছি।’
এনএসসি মনোনীত পরিচালকদের মধ্যে নাজমুল হাসান সভাপতি হয়ে যাওয়ায় ২৬ (সভাপতি ছাড়া) সদস্যের পরিচালনা পর্ষদে এখন আরেকজন পরিচালক দেবে এনএসসি। এই পদে অস্থায়ী কমিটির সাবেক সদস্য গাজী আশরাফ হোসেনের নামই শোনা যাচ্ছে বেশি। পরিচালনা পর্ষদ পূর্ণ হয়ে যাওয়ার পর পরিচালকদের ভোটে হবে দুই সহসভাপতি নির্বাচন। সম্ভাব্য সহসভাপতি হিসেবে আলোচনায় আছেন মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ও আ জ ম নাসির। তবে সেটি সম্ভবত আজকের সভাতেই হচ্ছে না। আজ সকালে অনুষ্ঠেয় নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় মূলত বিসিবির দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতাই সারার কথা।