কেউ বলেন অলংকার। কারও কাছে এটি নিছকই কোনো টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণের দায়িত্ব!আসলে কী? ফেডারেশনের প্রত্যাশা কতটা পূরণ করেন সভাপতি? এই প্রশ্নের উত্তর পরে খোঁজা যাবে, আপাতত জেনে রাখুন, অনেক সভাপতির ফেডারেশনের সভায় আসারই সময় হয় না! কিছু ব্যতিক্রম ছাড়া কম-বেশি সব ফেডারেশনেরই ছবি এটি।একটা উদাহরণেই বোঝা যেতে পারে গড়পড়তা ছবিটা। টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ছানাউল হকের অভিজ্ঞতাটা এমন, ‘টেনিসের সঙ্গে সম্পর্কহীন সভাপতি সভাতেই তো আসেন না। ফোন করলে ঠিকমতো ধরেন না। এমন অভিজ্ঞতাও হয়েছে, অনেক ঘোরাঘুরির পর সভাপতির নাগাল মিলল, তিনি সভার সময় দিলেন। সভার দিন তাঁর আর খবর নেই। সবাই সভায় বসে আছে। আধঘণ্টা চলে গেছে...এক ঘণ্টা...সভাপতি হয়তো ফোন করে বললেন, স্যরি, আমি আসতে পারছি না।’সভাপতিকে প্রতিদিন ফেডারেশনে আসতে হবে, এমন কথা হয়তো নেই। কিন্তু শুধু সভার সময় পাওয়ার জন্য সভাপতির দরবারে হেঁটে জুতা ক্ষয় হয়ে গেছে ফেডারেশন সম্পাদকের, এমন উদাহরণও কম নয়। বাস্কেটবলের সাধারণ সম্পাদক এ কে সরকার যেমন বললেন, ‘মূল কাজটা সাধারণ সম্পাদকেরই। সভাপতিকে বললে তিনি হয়তো সহযোগিতা করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, সভাপতির অফিসে ঢোকাই দায় হয়ে যায়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাস্কেটবলের সভাপতি হয়ে আসা সচিব সাহেবের কাছে পৌঁছাতে সচিবালয়ের গেট বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য।’নির্বাহী কমিটি থেকে প্রায় বিচ্ছিন্ন সভাপতিরা খেলার উন্নয়নে ভূমিকা রাখবেন, সেটা দূরাশাই। ব্যাডমিন্টন ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানার কথাও সে রকমই, ‘দায়িত্ব সম্পর্কে অনেক সভাপতিই সচেতন থাকেন না। সভাপতির পরিকল্পনা ও উদ্যোগ নেই বললেই চলে। দু-একজন ব্যতিক্রম ছাড়া খুব সক্রিয় সভাপতি তো দেখিইনি। বাস্তবে “অলংকারিক”ই হয়ে আছে এই পদটা।’সভাপতির পদটা এমন হয়ে গেছে যে তিনি ছোটখাটো কোনো কাজ করে দিলেই খুশি ফেডারেশন। সেটিই যেন মহার্ঘ! নাম প্রকাশে অনিচ্ছুক টেবিল টেনিস ফেডারেশনের এক কর্মকর্তার এমনই মনে হয়, ‘আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। গুরুত্বপূর্ণ পদে থাকায় ওনার পক্ষে ইচ্ছা থাকলেও নিয়মিত সময় দেওয়া কঠিন। প্রধানমন্ত্রীর দপ্তরে ওনার অফিসে যাওয়াও বিড়ম্বনার ব্যাপার আমাদের জন্য। তবে তিনি যথেষ্ট আন্তরিক। কোনো কাজ নিয়ে গেলে তা করে দেন।’বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরেকটি অদ্ভুত নিয়ম চলে আসছে। নৌবাহিনীর প্রধান যেন পদাধিকার বলেই সাঁতার ফেডারেশনের সভাপতি, বিমানবাহিনীর প্রধান হকির। নৌবাহিনীর সঙ্গে তাও চাইলে সাঁতারের একটা সম্পর্ক খুঁজে পেতে পারেন, কিন্তু বিমানবাহিনীর সঙ্গে হকির সম্পর্কটা একটা রহস্যই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদটাও যেমন সেনাবাহিনী প্রধানেরই ‘সম্পত্তি’। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চাপে নির্বাচন একটা হয় বটে, তবে সেনাবাহিনী প্রধানের ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত’ হওয়াটাই এখানে নিয়ম। একই ধারায় কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক। বর্তমানে কাবাডির সভাপতি বিদায়ী আইজিপি নূর মোহাম্মদ। প্রথা মেনে এখন হয়তো নতুন আইজিপিকে সভাপতি করে দেবে সরকার। কিন্তু আইজিপির মতো ব্যস্ত লোক কতটা সময় দিতে পারেন ফেডারেশনে?স্বাভাবিকভাবেই কাবাডির কর্মকাণ্ডে সেভাবে যোগ দিতে পারতেন না বিদায়ী আইজিপি। ফেডারেশনের সভায় সভাপতিত্ব করতেন সহসভাপতি, এরপর সাধারণ সম্পাদক গিয়ে সই নিয়ে আসতেন সভাপতির। নাম প্রকাশে অনিচ্ছুক কাবাডি ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, ‘আইজিপি সাহেবের হাজারো কাজ। কাবাডিকে সময় দেওয়ার ইচ্ছা থাকলেও সেই সুযোগ কই তাঁর!’তবে এমন বড় পদের কাউকে সভাপতি করলে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। কাবাডির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানালেন সেই সুবিধার কথা, ‘আমরা আন্তজেলা টুর্নামেন্ট করলে নূর মোহাম্মদ সাহেব সারা দেশের এসপিদের বলে দিয়েছেন। এতে অনেক সুবিধা হয়েছে। সভাপতিকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। সেক্রেটারি সাহেব চুপচাপ বসে থাকলে হবে না। তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে এনে হাইলাইট করলে ইন্টারেস্টেড হবেন। না ডাকলে তো আসবেন না।’ প্রশ্ন হলো, কে কাকে ডাকবেন? সভাপতিই ফেডারেশনের নেতৃত্বে, তাঁরই তো সবাইকে ডাকার কথা।খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন হলেও সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা কাউকে ফেডারেশন সভাপতি করার পক্ষে বড় যুক্তি—তাঁদের পক্ষে পৃষ্ঠপোষক আনা সহজ। সভাপতিরা কম-বেশি পৃষ্ঠপোষক আনেনও। আবার এটাও সত্য, পৃষ্ঠপোষকের অভাবে অনেক সময়ই নির্ধারিত আয়োজন হয় না এ দেশের ক্রীড়াঙ্গনে। সাঁতারে কদিন আগে যেমন বয়সভিত্তিক প্রতিযোগিতা হলোই না! সাঁতারের এক কর্মকর্তার ক্ষোভ, ‘অনেক দিন ধরে নৌবাহিনীর প্রধানদের সাঁতারের সভাপতি করা হচ্ছে। উনাদের অনেকের আন্তরিকতা থাকলেও সাঁতার নিয়ে হয়তো ভাবারই সময় পান না। দু-একজন বাদে অন্য সভাপতিদের কাছ থেকে ফেডারেশন বলার মতো কিছুই পায়নি।’এই যদি হয় গড়পড়তা ছবি, জাতীয় ক্রীড়া ফেডারেশন সভাপতির পদটাকে শুধুই ‘অলংকার’ মেনে নেওয়াই ভালো!