সভাপতির পথ খোলাই থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেতৃত্বে আসার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের। গত পরশু দুবাইতে আইসিসির নির্বাহী কমিটির সভায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পালাক্রম (রোটেশন) পদ্ধতিই বলবৎ রাখার সিদ্ধান্ত হয়েছে। সভায় ২০১২-১৪ সালের জন্য আইসিসির সহসভাপতি হিসেবে প্রার্থী মনোনয়ন দিতে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। প্রার্থীর নাম প্রস্তাব করতে হবে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে।পালাক্রম পদ্ধতিতে সভাপতি-সহসভাপতি নির্বাচিত হলে অনেক সময় ক্রিকেটের বাইরের বা রাজনৈতিক ব্যক্তিত্বেরও আইসিসির শীর্ষ পদে চলে আসার সুযোগ থাকে। পদ্ধতিটি তাই বাতিল করার আলোচনাই চলছিল এত দিন। শেষ পর্যন্ত সেটি কেন বলবৎ রাখা হলো, সভা থেকে ফিরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এসে কাল তিনি বলেছেন, ‘আগামী ৩০ জুনের মধ্যে আইসিসির পরবর্তী সহসভাপতি নির্বাচন করা হবে। প্রার্থী হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ৩১ ডিসেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।’নির্বাচনে যিনি সহসভাপতি হবেন, পরের মেয়াদে তিনিই হবেন আইসিসির সভাপতি। বর্তমানে আইসিসির সভাপতি ভারতের শারদ পাওয়ার ও সহসভাপতি নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাক। আগামী বছরের জুনে পাওয়ারের মেয়াদ শেষ হওয়ার পর আইজ্যাক ২০১৪ সাল পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্বে থাকবেন।বাংলাদেশ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে বিসিবির পরিচালনা পর্ষদ। মনোনীত প্রার্থী বোর্ডের কেউই হতে হবেন, এমন কথা নেই। পরিচালনা পর্ষদ চাইলে বাংলাদেশের যে কারও নাম প্রস্তাব করতে পারে আইসিসির সহসভাপতি হিসেবে। তবে মুস্তফা কামাল আশাবাদী, বিসিবি মনোনয়ন করবে তাঁকেই। বাংলাদেশ থেকে সহসভাপতি হিসেবে অন্য কারও নাম প্রস্তাব করার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমি আশাবাদী...ইনশাল্লাহ এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।’ সভাপতি এটাও বলেছেন, বাংলাদেশ থেকে কেউ আইসিসির সহসভাপতি হলে তাঁর মেয়াদের মধ্যে দেশে সরকারের পরিবর্তন ঘটলেও তিনি আইসিসির সভাপতির পদে থাকবেন।বাংলাদেশ থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হোক, পিসিবি ছাড় না দিলে আইসিসির সহসভাপতি হওয়াটা সহজ হবে না তাঁর জন্য। পাকিস্তানও যদি কাউকে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রে ভোটাভুটি হবে দুই দেশের প্রার্থীর মধ্যে। তবে বিসিবি সভাপতির আশা, বাংলাদেশের সহসভাপতি হওয়ার পথ আটকাবে না পিসিবি, ‘পাকিস্তানের উচিত আমাদের ছাড় দেওয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আশা করি, তারা আমাদের প্রতি সহনশীল হবে, আমাদের সমর্থন দেবে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনাও চলছে।’ এর আগে ২০০৩-০৪ সালে আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন পাকিস্তানের এহসান মানি। বিসিবির সমর্থন পেয়েছিল তখন পিসিবি।বিসিবির সভাপতি মুস্তফা কামাল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানের দায়িত্বে আছেন। এ পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০১২ সালের জুনে।