সভাপতির সবুজ সংকেতের অপেক্ষা
নির্দিষ্ট দিন, তারিখ কালও নিশ্চিত হওয়া গেল না। নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষ কমিটির এক কর্মকর্তা শুধু আশ্বাস দিলেন, ‘অতি সত্বর লিগ শুরু হবে।’ সূত্র জানিয়েছে, সেটা ৭ এপ্রিল হওয়ার সম্ভাবনাই প্রবল।তবে বিশেষ কমিটির প্রধান মাহবুবুল আনাম কালও তাঁদের সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে রাজি হননি। রাতে লিগ শুরুর ব্যাপারে কমিটির সিদ্ধান্ত ভারত সফররত বোর্ড সভাপতিকে জানিয়েছেন তিনি। লিগ নিয়ে অচলাবস্থা নিরসন করতে গিয়ে সামনে চলে আসা নতুন কিছু সমস্যা নিয়েও আলাপ হয়েছে তাঁদের মধ্যে। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বোর্ড সভাপতির আজই লিগ শুরুর নির্দেশনা দেওয়ার কথা সিসিডিএমকে। বিসিবির সভাপতি দেশে ফিরবেন ৭ এপ্রিল।সাকিব-তামিম আইপিএলে চলে গেছেন বলে বিসিবির কাছে প্রতি ম্যাচে পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলানোর দাবি জানায় ভিক্টোরিয়া। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশেষ কমিটির ছিল না। কিন্তু অচলাবস্থা নিয়ে ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করতে গেলে উঠে আসে বিষয়টি। শেষ পর্যন্ত সব ক্লাবকেই চারজন করে বিদেশি খেলানোর সুযোগ দেওয়ার শর্তে সমস্যার সমাধান হলেও ভিক্টোরিয়া দিয়ে বসে নতুন শর্ত। চারজন করে বিদেশি খেলানোর অনুমতিটা বোর্ডের সিদ্ধান্ত আকারে থাকতে হবে। পরে যদি এ নিয়ে কেউ আইন-আদালত করে!সূত্র জানিয়েছে, এ রকম আরও কিছু আনুষ্ঠানিকতা রক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিতেই দেরি হচ্ছিল খেলা শুরুর সিদ্ধান্ত দিতে। কাল রাতে মাহবুবুল আনামের সঙ্গে সভাপতির ফোনালাপের বিষয়বস্তু এসবই ছিল।মাহবুবুল আনাম কথা বলার আগে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে এই প্রতিবেদকেরও। লিগ শুরুর ব্যাপারে বিশেষ কমিটিই সর্বময় ক্ষমতার অধিকারী বলে জানিয়েছেন তিনি, ‘আমি বলেছি যত দ্রুত সম্ভব লিগ শুরু করতে। সবার সঙ্গে কথা বলে মাহবুব সাহেবের কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তাঁদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে।’কিন্তু বিশেষ কমিটির সিদ্ধান্ত যদি সব ক্লাব না মানে? মুস্তফা কামাল সেটারও সমাধান দিলেন, ‘সবাইকে রাজি হতে হবে, এমন কোনো কথা নেই। ক্রিকেটের জন্য ভালো হয়, এমন যেকোনো সিদ্ধান্ত কমিটি নিতে পারে।’ যতটুকু জানা গেছে, অচলাবস্থা দূর করতে বিশেষ কমিটির সিদ্ধান্তে সব ক্লাবেরই খুশি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।