সমঝোতা হয়নি দাবার নির্বাচনে
দাবার নির্বাচনে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। ৩১ মের নির্বাচনে দুটি পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে দাবাড়ুদের সমর্থিত পরিষদ, অন্যদিকে জেলা ও বিভাগীয় সংগঠকেরা ফোরামের পতাকাতলে দাঁড়িয়েছেন খেলোয়াড়-সংগঠক ঐক্য পরিষদ নামে। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও দুই পক্ষে সমঝোতার চেষ্টা হয়েছে। কিন্তু তা সফল হয়নি পদ ভাগাভাগির প্রশ্নে। দাবাড়ুরা ১০টি পদ চেয়েছিলেন। ফোরাম চারটির বেশি দিতে রাজি হয়নি। তাই দাবাড়ুরা আলাদা নির্বাচন করার পথে এগোনোরই সিদ্ধান্ত নিয়েছেন। দাবাড়ুদের পরিষদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী খন্দকার কায়েস হাসানই। কোষাধ্যক্ষ পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নাম প্রত্যাহার করেছেন সাধারণ সম্পাদক পদ থেকে। তিনি নির্বাচন করবেন সহসভাপতি পদে। বিভিন্ন পদ থেকে নাম প্রত্যাহার করেছেন মোট আটজন প্রার্থী। সাধারণ সম্পাদক পদ থেকে নাম প্রত্যাহার করেছেন বিদায়ী সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনও। তিনি প্রার্থী হয়েছেন সহসভাপতি পদে। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন বলে সহসভাপতি পদ থেকে নাম প্রত্যাহার করেছেন নিয়াজ-সমর্থিত রণদেব দাসগুপ্ত। শহীদুল ইসলাম খান যুগ্ম সম্পাদক পদ থেকে নাম প্রত্যাহার করলেও আছেন সদস্য পদে। সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন তনিমা পারভীন, মাসুদুর রহমান মল্লিক, আলমগীর ইসলাম ও কাজী মাহবুব আফজাল। দুই পরিষদের বাইরে থেকে মাসুদুর নির্বাচন করছেন যুগ্ম সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে কায়েস হাসানের বিপক্ষে প্রার্থী হয়েছেন ফোরামের গাজী সাইফুল তারেক। যদিও পছন্দের প্রার্থী না পাওয়ায় কার্যনির্বাহী কমিটির ২৪ জনের পুরো পরিষদে প্রার্থী দেয়নি দাবাড়ুদের সমর্থিত পরিষদ। সহসভাপতির চারটি পদে প্রার্থী দিয়েছে তিনজন। আর তনিমা পারভীন নাম প্রত্যাহার করে নিলেও তাঁর জায়গায় দেয়নি অন্য কাউকে। গত পরশু তনিমা অভিযোগ করেছেন, ফোরামের চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। নির্বাচনে ২৪টি পদের জন্য লড়বেন ৫০ জন প্রার্থী।