সহজ কাজ কীভাবে কঠিন করে তুলতে হয়, টানা দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ড সেটি করে দেখাল। প্রথম ওয়ানডে হারলেও পরশু অ্যান্টিগায় দ্বিতীয় ম্যাচ অবশ্য হারতে হয়নি সফরকারীদের। ওয়েস্ট ইন্ডিজের ১৫৯ রান ৩ উইকেট হাতে রেখেই টপকে গেছে ইংল্যান্ড। সিরিজে ১-১ সমতা এখন। শেষ ওয়ানডে আগামীকাল একই মাঠে।
৪৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৫৯ রানে। লেন্ডল সিমন্স (৯৮ বলে ৭০) ছাড়া ইংলিশ স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি অন্য কেউ। ইংল্যান্ডের চার স্পিনার জো রুট (২/১৫), মঈন আলী (১/১১), জেমস ট্রেডওয়েল (২/৩৯) ও স্টিভেন প্যারি (৩/৩২) মিলে নিয়েছেন ৮ উইকেট। অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্যারি জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
১৬০ রানের লক্ষ্য, ৩০ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড আর কোনো উইকেট না হারিয়েই ২১ ওভারে তুলে ফেলেছিল ৭৯ রান। এরপরই বিপর্যয়। ১১ ওভারের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে দিশেহারা দলটি তখনো জয় থেকে ৫৫ রান দূরে। রবি বোপারার ঠান্ডা মাথা আর স্টুয়ার্ট ব্রডের ভাগ্য—এই দুয়ের যোগফলে জয় পেল ইংলিশরা।
৫৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন বোপারা। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ব্রড অপরাজিত ২৮। ইনিংস-সর্বোচ্চ ৩৯ রান ওপেনার মাইকেল লাম্বের। এএফপি, ওয়েবসাইট।