সমতা ফেরাল পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ৩০০ রান তাড়া করে জিম্বাবুয়ের জয়টা হয়তো কেউই আশা করেনি। অবশ্য শেষপর্যায়ে জিম্বাবুয়ের আকস্মিক ব্যাটিং বিপর্যয়টাও ছিল একই রকম অপ্রত্যাশিত। ৪ উইকেটে ২০০ রান থেকে মাত্র পাঁচ ওভারের মধ্যেই ২০৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৯০ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।
অধিনায়ক ব্রেন্ডন টেলর আর ম্যালকম ওয়ালার উইকেটে থাকা পর্যন্তই লড়াইটা চালাতে পেরেছে জিম্বাবুয়ে। ৩৯তম ওভারে ৭৯ রান করা টেলর বিদায় নেওয়ার পরই শুরু হয়েছে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়। সে সময় দলের সংগ্রহ ছিল ২০০ রান। পরের পাঁচজন ব্যাটসম্যান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান। টেলরের পরেই ৪০ রান করে সাজঘরে ফিরেছেন ওয়ালার।
এর আগে প্রথম ১৫ ওভারের মধ্যে মাত্র ৬৫ রানেই ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা ও টিমিসেন মারুমাকে হারিয়ে শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ে। দলের খারাপ অবস্থার মধ্যে অধিনায়কের দায়িত্বটা অবশ্য ভালোভাবেই পালন করেছেন টেলর। চতুর্থ উইকেটে শেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৭০ রানের জুটি। উইলিয়ামস ৩৭ রান করে ফিরে গেলেও লড়াই চালিয়ে গেছেন টেলর। ডানহাতি এই ব্যাটসম্যান শেষপর্যন্ত উইকেটে থাকতে পারলে জিম্বাবুয়ের হারের ব্যবধানটা যে অনেক কম হতো, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।
পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন জুনায়েদ খান। সাত ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। পর পর দুই বলে জিম্বাবুয়ের শেষ দুই ব্যাটসম্যানকে আউট করে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন আবদুর রেহমান।
প্রথম ম্যাচের মতো আজও ব্যাটিংয়ে নামতে হয়েছিল পাকিস্তানকে। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের হারের পর আজ স্বাগতিক জিম্বাবুয়েকে নিশ্চয়ই আর কোনো সুযোগই দিতে চায়নি পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ১৩৬ রানের হার-না-মানা ইনিংসটির সুবাদে তারা জমা করেছে ২৯৯ রান। উমর আমিনের ৫৯ ও শহীদ আফ্রিদির ৩৯ রানের ঝোড়ো ইনিংসও বড় ভূমিকা রেখেছে পাকিস্তানের বড় সংগ্রহের পেছনে।