দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৯১ রানে অলআউট করে বোলাররাই গুছিয়ে রেখেছিলেন কাজটাকে। পরশু সেঞ্চুরিয়নের ম্যাচটা আর হাতছাড়া হতে দেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। অধিনায়ক মিসবাহ-উল হকের নেতৃত্বেই দ্বিতীয় ওয়ানডেটা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। মিসবাহদের এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা।বজ্রবিদ্যুৎসহ ঝড় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে নামিয়েছিল ৪৪ ওভারে। জয় পেতে পাকিস্তানকে খেলতে হয়েছে ৩৯.২ ওভার। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন মিসবাহ। তাঁর ৭৫ বলের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছয়। সঙ্গী শোয়েব মালিকও খেলেছেন ৩৫ রানের এক ইনিংস। পাকিস্তানের সবচেয়ে বড় জুটিটা (৭৭*) এসেছে মিসবাহ-মালিকের পঞ্চম উইকেট জুটিতেই। চতুর্থ উইকেটে ইউনুস খানের সঙ্গেও ৪৬ রানের জুটি গড়েন মিসবাহ। এর আগে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ভালোই বিপদে পড়ে ছিল সফরকারীরা।১১ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান ফারহান বেহারডিয়েনের। প্রথম ৫ উইকেটের ৪টিই নিয়েছেন মোহাম্মদ ইরফান। ৩৩ রানে ৪ উইকেট, ছয় ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটি পরশুই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম বোলার, হয়েছেন ম্যাচসেরা।সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা আজই জোহানেসবার্গে, বাংলাদেশ সময় বেলা দুইটায়। এএফপি, রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৪৩.২ ওভারে ১৯১ (বেহারডিয়েন ৫৮, পিটারসন ৪৪, আমলা ১৭, ডু প্লেসিস ১৭, ম্যাকলারেন ১৭; ইরফান ৪/৩৩, আজমল ২/২৩, জুনাইদ ২/২৯, হাফিজ ২/৩৫)। পাকিস্তান: ৩৯.২ ওভারে ১৯২/৪ (মিসবাহ ৫৭*, মালিক ৩৫*, ইউনুস ৩২, হাফিজ ৩১; পিটারসন ২/৫২, স্টেইন ১/২৯, ম্যাকলারেন ১/৪০)।ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।