সমতা ফেরাল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র টি-টোয়েন্টিটি জিতলেও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে হার দিয়ে। তবে গতকাল দ্বিতীয় ম্যাচেই জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। কাল চেস্টার-লি স্ট্রিটে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। শ্রীলঙ্কার ২৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৯৯ রানে অলআউট। শ্রীলঙ্কার জয় ১৫৭ রানে।
চোটের কারণে অধিনায়ক অ্যালিস্টার কুক খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেওয়া এউইন মরগানই যা একটু শ্রীলঙ্কার বোলারদের সামনে প্রতিরোধ তুলতে পেরেছেন। শেষের আগে যখন আউট হলেন, তাঁর নামের পাশে ৪০ রান। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র একজন—১২ রান করেছেন ইয়ান বেল । ১৩ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার সাচিত্রা সেনানায়েকে। তবে শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ইংলিশদের মূল সর্বনাশটা করেছেন কুলাসেকারা। এর আগে শ্রীলঙ্কা লড়াকু পুঁজি পায় দিলশানের ৮৮ রানের ইনিংসের সুবাদে। ৩৩ রানের মাথায় থিরিমান্নে ফিরে যাওয়ার পর সাঙ্গাকারার সঙ্গে তাঁর ৯৬ রানের জুটি। অবশ্য ৩০ রানের মধ্যে সাঙ্গাকারা (৪০), জয়াবর্ধনে (২) ও দিলশানের বিদায়ে একটা ধাক্কাও খায় শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু ম্যাথুস-প্রিয়াঞ্জনের ৬৬ রানের জুটিতে শেষ পর্যন্ত আড়াই শ ছাড়ায় শ্রীলঙ্কা। তথ্যসূত্র: ক্রিকইনফো৷