সমতায় ফিরল পাকিস্তান
প্রথম ম্যাচে চার উইকেটের হার। তবে গতকাল শুক্রবার অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।‘নিরপেক্ষ ভেন্যু’ আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩.৪ ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে বড় জয় তুলে নেয় পাকিস্তান।পাকিস্তানের জয়ের নায়ক নাসির জামশেদ। ম্যাচ সেরা খেলোয়াড়ও তিনি। এর পরও একটা আক্ষেপ রয়ে গেছে তাঁর। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি না পাওয়া। ফাস্ট মিডিয়াম বোলার জুনায়েদ খান ও স্পিনার সাঈদ আজমলের অবদানও কম নয়। দুজনে মিলে সাতটি উইকেট তুলে না নিলে অস্ট্রেলিয়ার সংগ্রহটা বড় হতে পারত আরও।ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে আঘাত হানেন জুনায়েদ। ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন ম্যাথু ওয়েড। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও বেশি দূর যেতে পারেননি। ২৪ রানে থাকা ওয়ার্নারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আজমল। দলীয় ৮৬ রানে মোহাম্মদ হাফিজের শিকারে পরিণত হন অধিনায়ক মাইকেল ক্লার্ক (৩৭)। দলীয় সংগ্রহে আর এক রান যোগ হতেই বিদায়ঘণ্টা বাজে ডেভিড হাসির (০)। ৮৭ রানে চারটি উইকেটের পতন। তবে মাইক হাসি (৬১), জর্জ বেইলি (৩৯) ও গ্লেন ম্যাক্সওয়েলের (২৮) ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ২৪৮ রান তোলে অস্ট্রেলিয়া। সাঈদ আজমল সর্বোচ্চ চারটি এবং জুনায়েদ খান তিনটি উইকেট শিকার করেন।পাকিস্তানের লক্ষ্য ২৪৯ রান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। তবে কঠিন কাজটাই সহজ করে দেন নাসির জামশেদ। উদ্বোধনী এই ব্যাটসম্যান একাই দলীয় সংগ্রহে যোগ করেন ৯৭ রান। আজহার আলী ৫৯ ও অধিনায়ক মিসবাহ উল হক ৩৫ রানে অপরাজিত থেকে দলের বড় জয় নিশ্চিত করেন। মাঝে মোহাম্মদ হাফিজ ২৩ ও আসাদ শফিক ৯ রানে আউট হন।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া ২৪৮/৯ (৫০ ওভার)হাসি ৬১, বেইলি ৩৯, ক্লার্ক ৩৭আজমল ৪/৩২, জুনায়েদ ৩/৫২পাকিস্তান ২৪৯/৩ (৪৩.৪ ওভার)জামশেদ ৯৭, আজহার ৫৯*, মিসবাহ ৩৫*ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।টস: অস্ট্রেলিয়া।সূত্র: ক্রিকইনফো।