সমতায় বোলারদের ম্যাচ
প্রথম টেস্টের স্মৃতি এখনো যাদের মগজে ঘুরপাক খাচ্ছে, তাদের জন্য ব্রিজটাউন টেস্টের প্রথম দিন বিভ্রান্তি নিয়ে এল। অনেকেই ধন্দে পড়ে যেতে পারেন, প্রথম টেস্টের রিপ্লেই বুঝি দেখানো হলো এদিন! কিংস্টন টেস্টের মতো ব্রিজটাউনের প্রথম দিনটাও বোলারদের দখলেই গেল। পার্থক্য হলো, সেবার ভারতকে ২৪৬ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবার করল আরও কম ২০১ রানে। কিন্তু সেবার প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছিল স্বাগতিকেরা, এবার ৩০ রান তুলল ৩ উইকেট হারিয়ে। ব্যাটসম্যানদের ব্যর্থতা ঘুচিয়ে দিয়ে দিনটা সমতায় শেষ করলেন ভারতের বোলাররা।আরেকটা পার্থক্যও আছে। প্রথম টেস্টের প্রথম দিন ভারত রুখে দাঁড়ানোর লড়াই শুরু করেছিল সুরেশ রায়না ও হরভজন সিংয়ের ব্যাটে। এবার রায়না থাকলেন কিন্তু হরভজনের বদলে সঙ্গী হলেন ভিভিএস লক্ষ্মণ। প্রথম টেস্টে ১২ ও ০ রানে আউট হওয়া এই ডানহাতি পরশু খেললেন লড়াকু এক ইনিংস। শেষ পর্যন্ত দেবেন্দ্র বিশুরই শিকার হয়েছেন (কিংস্টনের প্রথম দিনেও তা-ই)। তবে এর আগে ৮৫ রানের ইনিংস খেলেছেন। গাভাস্কার, টেন্ডুলকার, দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে পূর্ণ করেছেন ৮ হাজার টেস্ট রান। লক্ষ্মণের ইনিংসটার মাহাত্ম্য বেড়ে যাচ্ছে এ কারণে, ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে প্রথম মধ্যাহ্নভোজটা সেরেছে ভারত। লাঞ্চের আগে আগেই রায়নাকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেছিলেন। দিনের দ্বিতীয় সেশনে আর উইকেটই পড়তে দেননি। ভারত চা-বিরতিতে যায় ওই ৪ উইকেটেই ১৪৭ রান তুলে। লক্ষ্মণ ব্যাট করছিলেন ৬৯ আর রায়না ৫২ রানে।চা-বিরতি ফিরে এসেই ধাক্কাটা খায় ভারত। আসাদ রউফের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে আউট হন রায়না। থাই প্যাডে লেগে বল ফরোয়ার্ড শর্ট লেগে গিয়েছিল। ঝাঁপিয়ে পড়ে বারাথ ক্যাচ নিলেও সে রকম জোরালো আবেদন ওয়েস্ট ইন্ডিজ করেনি। কিন্তু একটু ভেবেই তর্জনী তুলেছেন রউফ। বেচারা রায়না প্রথম টেস্টেও এমন ব্যাটে ছোঁয়া না লাগিয়েও ক্যাচ আউট হয়েছিলেন! ওয়েবসাইট।রায়না আউট হওয়ার দুই ওভার পরেই বিদায় নেন ধোনি। এ নিয়েও হয়েছে নাটক। এডওয়ার্ডসের করা ওই বলে প্রথমে নো বলের সংকেত দেন ইয়ান গোল্ড। কিন্তু এর পর নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। রিপ্লে দেখায় নো বল হয়নি। প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যর্থ ধোনি ফিরে যান মাত্র ২ রান করে। এডওয়ার্ডস এরপর হরভজন আর মিঠুনকে দ্রুত ফেরান। বিশু ফিরিয়ে দেন লক্ষ্মণ আর প্রাভিনকে। নতুন কোচ ফ্লেচারের দুশ্চিন্তা বাড়িয়ে ২০১ রানে অলআউট হয় ভারত।কিন্তু দ্রুতই কোচকে নির্ভার করেন তিন পেসার। পর পর দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দেন ইশান্ত ও প্রাভিন। দিনের শেষ ওভারে ব্রাভোকে আউট করে টেস্টে নিজের প্রথম উইকেটটি পেয়ে যান অভিষিক্ত মিঠুন। প্রথম দিনেই ১৩ উইকেটের পতন দেখেছে বারবাডোজ।