সমব্যথী সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর তুলনামূলক দুর্বল চিলির কাছেও হার। ব্রাজিল বিশ্বকাপে স্পেন সাম্রাজ্যের পতনে সবচেয়ে বেশি সমালোচনার বিষে নীল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। দুঃখটা বুঝতে পারছেন ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার। তাই তো ক্যাসিয়াসের পাশে এসে দাঁড়িয়েছেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান।
টিকি-টাকা দিয়েই ২০০৮ থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্ব ফুটবলে সাম্রাজ্য বিস্তার করেছে স্পেন। তবে সেই সাফল্যে শেষ প্রহরী ক্যাসিয়াসেরও ছিল বিশাল অবদান। কিন্তু সেই ক্যাসিয়াস কিনা এই বিশ্বকাপের দুই ম্যাচেই খেলেন ৭ গোল! আঙুলটা উঠছে ক্যাসিয়াসের দিকেই। সিজারের এটা পছন্দ নয়, ‘ভুল নিয়ে আলোচনা করা আমি মোটেও পছন্দ করি না। আর তাকে যেভাবে সবাই সমালোচনা করছে, সেটা খুবই হতাশাজনক।’
ক্যাসিয়াসের এত দিনের অর্জনকে মোটেও ভুলে যাওয়া উচিত নয় বলে মনে করেন সিজার, ‘আমি বিশ্বকাপের অন্য দেশের গোলরক্ষক এবং সম্ভাব্য প্রতিপক্ষ দেশগুলোকে নিয়ে ভেবেছি। তাতে মনে হয়েছে, ক্যাসিয়াসের মতো গোলরক্ষক আমাদের সম্মান পাওয়ার যোগ্য। ও অনেক ট্রফি জিতেছে এবং অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদের সেরা গোলরক্ষক।’ তবে বাস্তবতাও অস্বীকার করতে পারছেন না ব্রাজিল গোলরক্ষক, ‘ও সব গোলরক্ষকের মতোই তার সময়ের সেরা কিন্তু সব জায়গায় জয়ীদেরই মূল্যায়ন করা হয়। এটা শুধু ক্যাসিয়াস নয়, স্পেন দলের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবচেয়ে নৈরাশ্যবাদী লোকও তাদের দল নিয়ে আশা করে, দেখতে চায় দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে প্রত্যাশিত ফল করবে।’ এএফপি।