সময়টা কঠিন, মানছেন মুশফিক

ম্যাচ ফিক্সিংয়ের অজানা অধ্যায় তুলে আনতে কখনো অপরাধ সাংবাদিকের ভূমিকায়। আইসিসি ভেন্যু পরিদর্শক দলের ভেতরের খবর জানতে কখনো অনুসন্ধানী প্রতিবেদক। আবার বিসিবি নির্বাচন নিয়ে দুই পক্ষের কাদা ছোড়াছুড়ির মাঝে আগ্রহী দর্শক। ক্রিকেট সাংবাদিকেরা ক্রিকেটের ছোঁয়াই পাচ্ছিলেন না অনেক দিন। মিরপুরের ইনডোরে কাল ব্যাট-বলের ঠুকঠাক শব্দ তাই বড় মধুর হয়ে এল সংবাদকর্মীদের কানে। ক্রিকেটারদের কাছেও কি নয়!
পত্রিকার পাতা উল্টালেই বা টিভির রিমোট চাপলেই ম্যাচ ফিক্সিং-লজ্জা, অজানা সব কালো অধ্যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কিংবা নির্বাচনী ডামাডোল। সব ক্রিকেটেরই খবর, কিন্তু এসবে ‘ক্রিকেট’ কোথায়! ক্রিকেটাররা সবই আগ্রহ নিয়ে পড়ছেন, দেখছেন। আর ভারী হয়ে উঠেছে মন। কাল তাই ব্যাট-বল হাতে নিয়ে, কাট-পুল-সুইং-স্পিন ও নিউজিল্যান্ড সিরিজ আলোচনায় সবার মনেই খানিকটা স্বস্তির সুবাতাস। ঈদের ছুটির পর কালই শুরু হলো নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্প। ‘এ’ দল, অনূর্ধ্ব-২৩ ও ১৯ দল দেশের বাইরে থাকায় ক্যাম্পে ছিলেন মাত্র ১২ জন। তার পরও ক্রিকেট অন্তত ক্রিকেটে তো ফিরল!
তবে সেটা ক্ষণিকের জন্যই। একটা অনুশীলন সেশনের কী আর সাধ্যি আছে মাঠের বাইরের এই অগ্নিগর্ভ সময়কে আড়াল করার! মুশফিকুর রহিমের সঙ্গে সংবাদমাধ্যমের কথোপকথনেও তাই মাঠের ক্রিকেট থাকল সামান্যই। বাংলাদেশ অধিনায়ক স্বীকার করলেন, চলমান পরিস্থিতিতে ক্রিকেটে মন দেওয়াটাই কঠিন, ‘এ অবস্থায় ক্রিকেটে মনোযোগ দেওয়াটা কঠিন তো অবশ্যই। সবাই জানে ক্রিকেট মানসিক একটা খেলা। মাঠের ক্রিকেটে মনঃসংযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তাই অনুপ্রাণিত করতে হয় সব সময়। সেদিক থেকে বলব, আমরা ১২ জনের মতো যারা এখানে আছি, চেষ্টা করছি নিজেদের চাঙা রাখার।’
তবে অধিনায়ক যখন, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা খুঁজতেই হয়। মুশফিক সেই আলোর রেখাটাই দেখার এবং দেখানোর চেষ্টা করছেন, ‘মাঠের বাইরের এত কিছু মনোযোগ নাড়িয়ে দিচ্ছে তো অবশ্যই। তবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে। নিউজিল্যান্ড সম্প্রতি অনেক ভালো খেলছে। সর্বশেষ ওরা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে, অনেক বড় ব্যাপার এটি। আমরাও ক্রিকেটেই মন দিতে চেষ্টা করছি। আর আশা করছি সব সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমাদের ক্রিকেটে যে ভালো একটা পরিবেশ ছিল, সেটা যেন ফিরে আসে।’
চাওয়ার সঙ্গে পাওয়া তো আর সব সময় মেলে না। বিশেষ করে সময় যদি হয় প্রতিকূল। সমস্যার সমাধান হবে কী, আকসুর সর্বশেষ সংবাদ সম্মেলন বরং আরও গুমোট করেছে পরিস্থিতি। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বেরিয়ে এসেছে আরও অনেকের নাম। তাতে দেশের ক্রিকেটের মতো মেঘ জমেছে মুশফিকের মনেও, ‘সহকর্মীদের কেউ এসব কিছুতে জড়িত থাকলে খারাপ লাগারই কথা। তবে মনে রাখতে হবে, ক্রিকেটে এসব এটাই প্রথম নয়। অনেক বড় বড় নামও এর আগে এসবের সঙ্গে জড়িত ছিল। আমাদের এখানে হয়তো এই প্রথম। খুব খারাপ লাগছে অবশ্যই। তবে আবারও বলছি, যত তাড়াতাড়ি এসব শেষ হয়, স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, আমাদের জন্য ততই ভালো।’
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে নিজের আগের অবস্থানে অটল বাংলাদেশ অধিনায়ক, ‘কেউ দোষী হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া উচিত। বিসিবি আছে, আইসিসি আছে, তারা নেবে ব্যবস্থা। আর এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বয়সভিত্তিক থেকে শুরু করে সব পর্যায়েই সবার শিক্ষা নেওয়া উচিত।’
পুরোনো একটি প্রসঙ্গও উঠল আবার। যে কারণে কলঙ্কিত দেশের ক্রিকেট, যে টুর্নামেন্টের কারণে ক্রিকেট-বিশ্বে বারবার নেতিবাচক খবরে বাংলাদেশ ক্রিকেট, সেই বিপিএল কি চলতেই থাকবে? মুশফিকের জবাবটাও পুরোনো, ‘বিপিএলের ফিক্সিং আর পেমেন্ট ছাড়া খেলার মান যেটা ছিল, তাতে কিন্তু অনেক উপকৃত হয়েছি আমরা। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক উন্নতি করেছে। আমরা অবশ্যই চাই বিপিএল চলতে থাকুক। তবে আমরা যেভাবে মাঠে নিজেদের শতভাগ দিই, মাঠের বাইরে সংশ্লিষ্টদেরও যেন শতভাগ নিবেদন থাকে। তাহলেই খেলা উচিত, অন্যথায় এটা সময়ের অপচয় হবে। বিপিএল খেলতে গিয়েই অনেকে ইনজুরড হয়েছে, তার মানে তারা এক শ ভাগেরও বেশি দিচ্ছে। সংশ্লিষ্টদেরও উচিত আমাদের দিকটা দেখা।’
অনুশীলন, স্কিল ট্রেনিং, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা হলো। তবে যৎসামান্যই। দেশের ক্রিকেটেই যে এখন ক্রিকেটের বড্ড অভাব!: