প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের অন্ধকারে বর্গির মতো হানা দিল তারা। কেউ বাসে, কেউ গাড়িতে। নেমেই শুরু করে দিল বিভীষিকা। গাড়ি ভাঙচুর শুরু করল, লুট করল দোকানপাট। পরশু প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে নরক গুলজার করে ছেড়েছে একদল বহিরাগত। কিন্তু তারা কারা? সবাই কিন্তু আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সের সমর্থক। কোপা লিবার্তাদোরেসের ম্যাচে দেখার জন্য আসুনসিওনে এসেছিল বোকা সমর্থকেরা। এদের মধ্যে কারও কারও আসল উদ্দেশ্য ছিল অন্য। এমনকি বাসাবাড়িতে ঢুকে বন্দুকের মুখে টাকাপয়সা ছিনিয়েও নিয়ে গেছে কেউ কেউ। পুলিশ এ রকম ২৩৭ জন বোকা সমর্থককে পরে গ্রেপ্তার করেছে। ম্যাচটা বোকা ২-১ গোলে জিতেছে, তবে ওই ‘সমর্থকদের’ সেটি আর দেখা হয়নি। এএফপি।