সমর্থকদের উদ্দেশে ময়েসের খোলা চিঠি

কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরাধিকারের ভার বয়ে বেড়ানোর কাজটা কঠিনই বটে। এবারের মৌসুমের শুরুতে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন, তখন সেটা হয়তোবা মাথায় রেখেছিলেন ডেভিড ময়েস। কিন্তু পরিস্থিতি যে এতটা খারাপ হবে সেটা হয়তো আঁচ করতে পারেননি এই স্কটিশ কোচ। একের পর এক হতাশাজনক ফলাফলের পর রীতিমতো ক্ষুব্ধই হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের ক্ষুব্ধতা প্রশমনে ময়েস এক খোলা চিঠিই লিখে ফেলেছেন। উদ্দেশ্য তাঁদের শান্ত করা, খারাপ সময়ে তাঁদের সমর্থন ও ভালোবাসা পাওয়া। এই মৌসুমের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে সুদিন ফিরিয়ে আনার।
ইতিমধ্যেই এফএ কাপের লড়াই থেকে ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তারা আছে সপ্তম স্থানে। শিরোপা জয়ের আশা আর নেই বললেই চলে। শেষ চারের মধ্যে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারবে কি না, সেটা নিয়েও চলছে অনিশ্চয়তা। এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও দুরবস্থা চলছে রেড ডেভিলদের। শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিকোসের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে যাওয়ার কাজটাও যথেষ্ট কঠিন করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চরম হতাশাজনক এই পরিস্থিতিতে সমর্থকদের শান্ত করার জন্য চিঠি লেখা ছাড়া আর কোনো উপায় হয়তো ছিল না ময়েসের। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার কাজটা যে অনেক কঠিন হবে, সেটা আমি শুরুতেই জানতাম। কিন্তু যা ঘটেছে সেটা আমি নিজেও কল্পনা করিনি। আমি নিশ্চিত যে সমর্থকদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। কিন্তু আমি ও আমার খেলোয়াড়েরা এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছি।’
এই খারাপ সময়ের মধ্যেও ভক্তরা যে এখনো সমর্থন জুগিয়ে যাচ্ছেন সেটার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন ময়েস, ‘দল যখন জিতছে তখন সমর্থন করাটা খুব সহজ। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক থাকে না, তখন সেই কাজটাই হয়ে যায় অনেক কঠিন। এই অবস্থার মধ্যেও আপনারা যে আনুগত্য দেখিয়েছেন, তা অসাধারণ। এখনকার এসব কঠিন পরিস্থিতিই ভবিষ্যতে আমাদেরকে আরও শক্তিশালী, ভালো ক্লাবে পরিণত করবে।’—গোল ডটকম