সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন স্নাইডার
ইউরো চ্যাম্পিয়নশিপে রীতিমতো বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়েছে গত বিশ্বকাপের রানারআপ হল্যান্ড। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ১-০ গোলের আকস্মিক হারের পর গতকাল জার্মানির কাছেও ২-১ গোলে হেরে গেছে ডাচরা। আর এ রকম পারফরমেন্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ওয়েসলি স্নাইডার। তবে শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাটাও অবশ্য ছাড়েননি এই ডাচ মিডফিল্ডার।কাল জার্মানির কাছে ২-১ গোলে হারের পর স্নাইডার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি সবকিছুর জন্যই সবার কাছে ক্ষমা চাইছি। এটা খুবই কঠিন সময়। আমরা ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটবে।’দুটি ম্যাচ শেষে এখনো একটি পয়েন্টও ঝুলিতে জমা করতে পারেনি হল্যান্ড। ‘বি’ গ্রুপে তারা আছে সবার নিচে। তবে শেষ ম্যাচে জার্মানি, ডেনমার্ককে হারের স্বাদ দেবে এমনটা অনুমান করলে গ্রুপ পর্বের বাধা পেরোনোর একটা সম্ভাবনা এখনো আছে হল্যান্ডের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে পর্তুগালকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হবে তাদের। এখন আগামী ম্যাচটার জন্য সে রকম একটা ফলাফলই আশা করছেন স্নাইডার। তিনি বলেছেন, ‘আমরা দুটি ম্যাচেই হেরে গেছি। কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। আমাদের এটাতেই বিশ্বাস রাখতে হবে। আমি আসলে ভেবেছিলাম যে আমরা বাদ পড়ে গেছি। পয়েন্ট টেবিলের অবস্থা এ রকম দাঁড়াবে এটা আসলে চিন্তা করিনি। কিন্তু এখন যদি আমরা পর্তুগালকে হারাতে পারি, তাহলে সত্যিই আমাদের একটা সুযোগ আছে। আমরা সেই লক্ষ্যেই মাঠে নামব।’বাঁচা-মরার এই লড়াইয়ে ১৭ জুন পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে হল্যান্ড। ওয়েবসাইট।