সমর্থকদের জন্য রোনালদো

তাঁর নামে পোশাকের ব্র্যান্ড আছে, আছে প্রসাধনীও। টুইটারে, ফেসবুকে ছড়ানো লাখ লাখ ভক্ত। পর্তুগালে বানাচ্ছেন নিজেকে নিয়ে একটা জাদুঘর! তবু যেন বিশ্বজয় শেষ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজের নামে এবার একটা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবসাইটই খুললেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ‘ভিভা রোনালদো ডট কম’ নামের এই ওয়েবসাইটে সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন রোনালদো।
ফেসবুকের মতো এই সাইটেও রোনালদো-ভক্তরা পোস্ট করতে পারবেন রোনালদোকে নিয়ে ছবি, ভিডিও। করতে পারবেন জমজমাট আলোচনা, ভাগাভাগি করতে পারবেন রোনালদোকে নিয়ে তাঁদের স্মৃতি। পাওয়া যাবে রোনালদোর সব ম্যাচের খবর, এমনকি ভক্তরা যাতে রোনালদোর ম্যাচগুলো অনলাইনে সরাসরি দেখতে পারেন রাখা হচ্ছে সেই সুযোগও। শুধু ওয়েবসাইট নয়, যারা স্মার্টফোন ব্যবহার করেন তাঁরাও নামিয়ে নিতে পারবেন ‘ভিভা রোনালদো’ অ্যাপটি।
টুইটারে এই ওয়েবসাইটের ঠিকানা দিয়ে রোনালদো লিখেছেন, ‘আমার সত্যিকারের ভক্তরা থাকবে এখানে।’ কিন্তু এত কিছু থাকতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম কেন? রোনালদোর জবাব, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সমর্থকদের একত্র হওয়ার একটা সুযোগ করে দেওয়া।’ ওয়েবসাইট।