সমর্থকদের তাণ্ডবে ম্যাচ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ তখনো শুরু হয়নি। সার্বিয়ার ফুটবলারদের বাসে অগ্নিশিখা নিক্ষেপ করে একদল উচ্ছৃঙ্খল সমর্থক উত্ত্যক্ত করে গোলরক্ষক ভ্লাদিমির স্টকোভিচকে। প্রতিবাদে খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। মনে হতে পারে, প্রতিপক্ষ স্বাগতিক ইতালির সমর্থকেরা হামলা চালিয়েছে সার্বিয়ার ফুটবলারদের ওপর। কিন্তু না, গতকাল মঙ্গলবার রাতে এ কাণ্ড করেছে সার্বিয়ার সমর্থকেরাই!এটি গেল ম্যাচ শুরুর আগের চিত্র। নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর শুরু হয় ইউরো-২০১২ বাছাই পর্বের ম্যাচটি। তবে মাত্র ছয় মিনিট যেতে না যেতেই তাণ্ডব শুরু আবারও। মাঠের ভেতর ফুটবলারদের লক্ষ্য করে অগ্নিশিখা নিক্ষেপ করতে থাকে সার্বিয়ার সমর্থকেরা। অগ্নিশিখা নিক্ষেপ করা হয় ইতালির সমর্থকদের প্রতিও।রয়টার্স জানিয়েছে, পুলিশ ও সার্বিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। সমর্থকদের তাণ্ডবে পণ্ড হয়ে যায় ম্যাচটি। তবে সার্বিয়ার প্রতি শাস্তি হিসেবে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয় গ্রুপের শীর্ষে থাকা ইতালিকে। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সার্বিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।ইতালি ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মিডফিল্ডার দিমিত্রিও আলবারতিনি রয়টার্সকে বলেন, ‘আমরা এখন এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আলোচনা করে উয়েফা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তমিস্লাভ কারাদজিচ বেলগ্রেডে স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, ‘এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। পুরো ইউরোপ সার্বিয়ার সমর্থকদের এ লজ্জাজনক কাণ্ড প্রত্যক্ষ করেছে।’ এদিকে সার্বিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি, ঘরোয়া ক্লাবের দ্বন্দ্বের জের ধরে ফুটবলারদের ওপর এ হামলা চালিয়েছে সমর্থকেরা।