সমর্থকদের তোপের মুখে আর্সেনাল
এই মৌসুমে শুরুটা একেবারেই ভালো করেনি আর্সেনাল। সমর্থকেরা প্রিয় দলের পারফরম্যান্সে স্বভাবতই প্রচণ্ড ক্ষুব্ধ। এমন একটি সময়ে উত্তর লন্ডনের এই ক্লাবটি তাদের বাত্সরিক শেয়ারহোল্ডার সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। ক্লাব ম্যানেজমেন্টের আশঙ্কা, এই সম্মেলনে সমর্থকেরা না আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে।কোচ আর্সেন ওয়েঙ্গার আগেও একবার ক্ষুব্ধ সমর্থকদের রোষে পড়েছিলেন। ২০০৯ সালে তিনি এমন একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এ ধরনের সম্মেলনে ওয়েঙ্গার সাধারণত সমর্থকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবার অবশ্য কোনো ঝুঁকির মধ্যে যেতে চাননি আর্সেনালের নীতি-নির্ধারকেরা।ক্লাবের শীর্ষ পর্যায় থেকে শেয়ারহোল্ডারদের ই-মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘অনিবার্য কারণবশত শেয়ারহোল্ডার সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে খুব শিগগিরই এই সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।’শেয়ারহোল্ডার সম্মেলন ছাড়াও আর্সেনাল অনেক সময়ই সমর্থকদের জন্য আলাদা অনুষ্ঠান করে থাকে। সেখানে সমর্থকেরা ক্লাবের বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানিয়ে থাকে। তবে আপাতত এই ধরনের কোনো অনুষ্ঠান আর্সেনাল আয়োজনের ঝুঁকি নিতে চাচ্ছে না। সম্প্রতি সমর্থকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্সেলাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত সমর্থকদের নিয়ে কোনো আলাদা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নাকি তাদের নেই। ওয়েবসাইট।