সমর্থকদের দোষ!

অজুহাতটা অদ্ভুত। হারের পর বার্সেলোনার মতো দলের একজন এমন অজুহাত দেখাচ্ছেন—এটা হাস্যকরও। সমর্থকদের কাছ থেকে উৎসাহ না পেলেও বুঝি আজকাল বার্সেলোনা ম্যাচ হারে!
লা লিগায় পরশু ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে হারের পর দানি আলভেজ তো সেটাই বললেন। নিজেদের মাঠ খেলছিলেন এটা নাকি সমর্থকদের আচরণে অনুভবই করতে পারেননি বার্সার ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘কখনো কখনো মনে হয়েছে আমরা অন্য কোথাও খেলছি। খেলোয়াড় আর সমর্থকদের মধ্যে সম্পর্কটা ইতিবাচক হওয়া উচিত।’
ন্যু ক্যাম্পে জেতাটাকে যেন নিয়মই বানিয়ে ফেলেছিল বার্সেলোনা। নিজের মাঠে লা লিগায় দলটি সর্বশেষ হেরেছে ২০১২ সালের এপ্রিলে, রিয়াল মাদ্রিদের কাছে। কিন্তু পরশু ৩-২ গোলের দুর্দান্ত জয় দিয়ে ঘরের মাঠে বার্সার টানা ২৫ ম্যাচের আধিপত্য শেষ করে দিয়েছে ভ্যালেন্সিয়া। হারের চড়া মাশুলই দিতে হতে পারে জেরার্ডো মার্টিনোর দলকে। গতকাল রাতে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জয় পেয়ে থাকে তাহলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যাবে বার্সা। রিয়াল যদি হারেও অ্যাটলেটিকো শুধু ড্র করলেই বার্সা নেমে যাবে দ্বিতীয় স্থানে। তবে আলভেজের কথা শুনে মনে হচ্ছে শীর্ষস্থান হারানোটাকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না তিনি, ‘আমরা হেরেছি আর আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। এটা নিয়ে আফসোস করার কোনো সময় নেই। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে আর এমনটা না ঘটে। লা লিগার শীর্ষস্থান হারানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’
অনেক দিন পর নিজের মাঠে বার্সেলোনার এই হার নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। বিশ্লেষকেরা বলছেন, প্রথাগত ধরনের বাইরে গিয়ে এদিন অনেক সরাসরি খেলেছে বার্সেলোনা। চোখে পড়েছে রক্ষণভাগের দুর্বলতাও। তার পরও প্রথম আধাঘণ্টায় পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো পয়েন্ট হারাতে হতো না। অ্যালেক্সিস সানচেজের গোলে ওই সময় এগিয়ে ছিল বার্সেলোনা। এরপরই খেই হারিয়েছে তারা আর এই সুযোগে ম্যাচে ফিরেছে ভ্যালেন্সিয়া। কোচ জেরার্ডো মার্টিনোও হারের প্রধান কারণ হিসেবে এ কথাটাই বলেছেন, ‘শুরুর লিডটা ধরে রাখা নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম। কারণ রেফারির শেষ বাঁশির আগে ম্যাচ শেষ হয় না। কিন্তু আমার মনে হয়েছে আধাঘণ্টা পরে আমরা স্থবির হয়ে গেছি।’ ৪৪ মিনিটে ভ্যালেন্সিয়া মিডফিল্ডার ড্যানিয়েল পারেয়োর সমতা ফেরানো গোলটাকেই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন মার্টিনো, ‘ওই গোলেই আমরা কিছুটা আত্মবিশ্বাস হারিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা অনেক মরিয়া হয়ে গিয়েছিলাম, ফলে অনেক ভুলও করেছি। দেখে মনে হয়েছে প্রথমার্ধে আমাদের একটা দল খেলেছে, দ্বিতীয়ার্ধে অন্যটা।’
এ সমস্যাটা পরের ম্যাচগুলোয় থাকলে লিগের শীর্ষস্থান ছেড়ে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে মার্টিনোকে। এএফপি, রয়টার্স।