সমর্থকদের পাগুলে কাণ্ড

সমর্থকেরাই খেলার প্রাণ। তবে কখনো কখনো এই সমর্থকেরা ভীষণ ‘যন্ত্রণা’রও কারণ হয়ে দাঁড়ান। এই যেমন নেইমারকে প্রতি দুই সপ্তাহ পর ফোন নম্বর পরিবর্তন করতে হয় কেবল সমর্থকদের যন্ত্রণায়। রাত-বিরাতে যে ফোন আসে তাঁর কাছে! সমর্থকদের এমন কিছু পাগুলে কাণ্ড পড়ুন
বলে ‘শট’
১৯৫৭ সালে ব্রাজিলের দুই জায়ান্ট বোটাফোগো ও ফ্লুমিনেন্সের ম্যাচটি ছিল চরম উত্তপ্ত। দলের পারফরম্যান্সে নিদারুণ হতাশ বোটাফোগোর এক সমর্থক তেড়েফুঁড়ে বেষ্টনী পেরিয়ে চলে এলেন মাঠে। এরপর বল নিয়ে করলেন অদ্ভুত এক কাণ্ড। পকেট থেকে রিভলবার বের করে গুলি চালিয়ে বলের ভেতর একের পর এক বুলেট ভর্তি করলেন। কেন? সেই সমর্থক খেঁকিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল, বোটাফোগোর পক্ষের কেউ যে বলে ঠিকমতো শট করতে পারে, সেটি প্রমাণের এটাই উপযুক্ত সময়।’ মজার ব্যাপার হলো, শট মানে শুধু লাথিই কষা নয়, গুলিবর্ষণও!
পেলেবিরোধী আন্দোলন
‘প্ল্যাকার্ড হাতে পেলের বাড়ির বাইরে আমরা অবস্থান কর্মসূচি নিতে যাচ্ছি। রাতে তাঁকে ঘুমাতে দেব না।’ গত মাসে এমনই ঘোষণা দিল একদল কলম্বিয়ান সমর্থক। ঘটনা কী, পেলের ওপর খেপল কেন কলম্বিয়ার লোকজন? পেলে কি কলম্বিয়াবিরোধী কিছু বলেছেন? খোঁজ নিয়ে জানা গেল, বিপক্ষে তো নয়ই, পেলে বরং বলেছেন, এবারের বিশ্বকাপের ফেবারিট কলম্বিয়া। আসলে এখানেই ঝামেলা। ফুটবলার হিসেবে পেলে যতটা খ্যাতিমান, ‘জ্যোতিষী’ হিসেবে ঠিক তার উল্টো। তিনি যাদের ফেবারিট মানেন, বিশ্বকাপে সেই দলের ওপর শনির দশা ভর করে। ১৯৯৪ বিশ্বকাপেও ব্রাজিলিয়ান কিংবদন্তির ফেবারিটের তালিকায় ছিল কলম্বিয়া। কিন্তু সেবার তারা বিদায় নিল গ্রুপপর্ব থেকেই। অতীত অভিজ্ঞতার কারণেই পেলের ওপর এমন রাগ সমর্থকদের।
খেলোয়াড় অপহরণ
এবার যে সমর্থকের গল্প বলা হবে, তাতে রীতিমতো শিহরিত হতে হবে। অবশ্য সব শুনে হাসি ঠেকানোও মুশকিল! ১৯৯০ সালে জ্যামাইকার কিংস্টনের অপেশাদার ফুটবল দল ‘কিংস অব ডায়মন্ডস’-এর স্ট্রাইকার ওয়েসলি পার্কার হাতছাড়া করেন একের পর এক সহজ গোলের সুযোগ। এতে সমর্থকেরা ক্ষুব্ধ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এর মাত্রা যে এতটা ভয়াবহ হবে, তা কে ভেবেছিল? ক্ষুব্ধ এক সমর্থক প্রথমে পার্কারকে দিলেন আচ্ছা ধোলাই! এখানেই শেষ নয়। কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে ডায়মন্ডস স্ট্রাইকারকে নিয়ে গেলেন অজ্ঞাত স্থানে (কেউ বলেন নিজ বাড়িতে)। দুই ঘণ্টা আটক রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পার্কার পরে পুলিশকে বলেছেন, দুই ঘণ্টা আটক রেখে তাঁকে নাকি ‘লিম্বো নৃত্য (ত্রিনিদাদের ঐতিহ্যবাহী নৃত্য)’ করতে বাধ্য করেছেন ওই সমর্থক। আটক রেখে কেন লিম্বো নৃত্য? খেলাটা আরও সহজ করার জন্যই পার্কারের এ শিক্ষা!
বৃক্ষে বাস!
প্রিয় দলের নিষ্প্রভ পারফরম্যান্স, বাজে ট্যাকটিকস, বিরক্তিকর ফর্মেশন—কাঁহাতক সহ্য করা যায় বলুন! তা-ও আবার দলটি যদি হয় করিন্থিয়ানস। দলের বাজে খেলার প্রতিবাদে এক অভিনব কাণ্ড করে বসলেন করিন্থিয়ানস অন্তঃপ্রাণ রবার্তো। ২০০৩ সালের ঘটনা, রবার্তো করলেন কি, ক্লাবের স্টেডিয়ামের বাইরে এক গাছের মগডালে বাঁধলেন নিজেকে। ঘোষণা দিলেন, দল যতক্ষণ না কথা দিচ্ছে, আক্রমণাত্মক ফুটবল খেলবে, ততক্ষণ তিনি নামবেন না! কোথাকার কোন পাগল এসে জুটল রে বাবা! মজার ব্যাপার হচ্ছে, করিন্থিয়ানসের খেলোয়াড়েরা তাঁকে উদ্দেশ করে একের পর এক পচা ফল, বিশেষ করে কলা ছুড়ে মারতে লাগলেন। রবার্তোও দমার পাত্র নন। তিনিও পাল্টা কলার খোসা ছুড়ে মারতে লাগলেন। দুঃখভারাক্রান্ত মনে রবার্তো অবশ্য বলেছেন, ‘খেলোয়াড়েরা একেবারে নিরিখ করে ওগুলো মারছিল।’ এসবের পরও ঝাড়া সাত দিন তিনি চড়ে ছিলেন গাছে!
বিশ্বকাপ ট্রফিতে কাতালান টুপি
মাঠে একের পর এক পাগুলে কর্মকাণ্ড ঘটিয়ে যে ‘খ্যাতি (নাকি কুখ্যাতি!)’ অর্জন করা যায়, তার জাজ্বল্যমান প্রমাণ কাতালান সমর্থক জিমি জাম্প। অদ্ভুত সব কাণ্ড-কীর্তির কারণে এ নামটি বেশ পরিচিত। বার্সেলোনার এই সমর্থকের ঠিকুজি মিলবে উইকিপিডিয়ায়ও। তার মাথায় সব সময় থাকে ‘বারেটিনা’ টুপি (কাতালানদের ঐতিহ্যবাহী লাল টুপি)। মনে আছে কি না, ২০০৪ সালের ইউরোতে পর্তুগালের এক ম্যাচে ফিগোর মুখে বার্সেলোনার পতাকা ছুড়ে মেরেছিলেন এই জাম্প। কারণ, কিছুদিন আগে বার্সা ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন ফিগো। তবে যে ঘটনাটি সবচেয়ে আলোচিত, গত বিশ্বকাপে ‘বর্ণবাদের বিরুদ্ধে’ লেখা টি-শার্ট পরে ঢুকে পড়লেন মাঠে। এরপর বিশ্বকাপ ট্রফিতে পরাতে চাইলেন বারেটিনা টুপি। তবে কাজ হয়নি। তার আগেই নিরাপত্তারক্ষীরা পাকড়াও করেন তাঁকে।