সমর্থকদের পাগুলে কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুব্ধ হয়ে মাঠে মুরগি ছেড়ে দিয়েছিল এক সমর্থক, বিনিময়ে জুটেছিল রোমারিওর হাতে বেদম মার!
ক্ষুব্ধ হয়ে মাঠে মুরগি ছেড়ে দিয়েছিল এক সমর্থক, বিনিময়ে জুটেছিল রোমারিওর হাতে বেদম মার!

সমর্থকেরাই খেলার প্রাণ। তবে কখনো কখনো এই সমর্থকেরা ভীষণ ‘যন্ত্রণা’রও কারণ হয়ে দাঁড়ান। এই যেমন নেইমারকে প্রতি দুই সপ্তাহ পর ফোন নম্বর পরিবর্তন করতে হয় কেবল সমর্থকদের যন্ত্রণায়। রাত-বিরাতে যে ফোন আসে তাঁর কাছে! সমর্থকদের এমন কিছু পাগুলে কাণ্ড পড়ুন। আজ দ্বিতীয় পর্ব

ভাবে সহিংস, আচরণে অহিংস
২০০৩ সালে বিশ্বকাপের বাছাইপর্বে কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্র করল সোয়াজিল্যান্ড। যখন সোয়াজিল্যান্ড স্কোয়াড বাসে করে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক এ সময় ক্ষুব্ধ একদল সমর্থক হাজির। বাসের চারপাশে ঘিরে থাকা সমর্থকদের হাতে বেসবলের ব্যাট। এ দেখে খেলোয়াড়-স্টাফদের আত্মারাম খাঁচাছাড়া! বুঝি শনিই আছে কপালে! অবশ্য পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এল। তবে এক সমর্থক জানিয়েছিলেন, ‘ব্যাট আমরা মোটেও ব্যবহার করতাম না, কেবল প্রতিবাদ জানাতেই আনা হয়েছিল।’

খেলোয়াড়দের সাইকেল-শিক্ষা
ইংলিশ ফুটবল লিগের তৃতীয় সারির দল পোর্ট ভ্যালের ২০০১-০২ মৌসুমে হতশ্রী পারফরম্যান্সে যারপরনাই হতাশ রবি উইলিয়ামস সিদ্ধান্তটি নিয়েই ফেললেন। সাইকেল নিয়ে খেলোয়াড়দের অনুশীলন মাঠের চারপাশে চক্কর দিতে দিতে দলকে গালিগালাজ শুরু করলেন। এমন কাণ্ডে বিরক্ত ভ্যালের খেলোয়াড়েরা সাইকেল থেকে ফেলে দিতে রবির উদ্দেশে বল ছুড়তে লাগল। হা হতোস্মি! চৌকস রবির কিচ্ছু হলো না! খেলোয়াড়দের উদ্দেশে তিনি বললেন, ‘হতভাগা, তোদের চেয়ে ভালো করতে পারে রবি উইলিয়ামস।’

‘আনন্দে’র ঘুষি!
২০১১-এর জানুয়ারিতে এফএ কাপে লিগ ওয়ানের (ইংলিশ ফুটবল লিগের তৃতীয় পর্যায়) দল স্টিভেনাজ মাত্র নিউক্যাসলকে হারিয়েছে। দলের এমন পারফরম্যান্স উদযাপন করতে অভিনব এক পথ বেছে নিলেন রবার্ট ফিেজরাল্ড। ঝোড়ো বেগে ছুটে গেলেন মাঠে। ঢুকেই স্টিভেনাজ ডিফেন্ডার স্কট লায়ার্ডের মুখে দরাম করে বসিয়ে দিলেন মাপা ওজনের এক ঘুষি! সরাসরি সম্প্রচার হওয়ায় সে দৃশ্য দেখল সবাই। আর যায় কোথায়! সোজা শ্রীঘরে। ১২ সপ্তাহের জেল, সঙ্গে ছয় বছরের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা। আশ্চর্য বটে, দলকে জয় এনে দেওয়ার পরও ঘুষি! পরে জানা গেল, স্টিভেনাজের বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেননি রবার্ট। এ কারণেই মওকা বুঝে সেই ঝাল মিটিয়েছেন।

ইঁদুর নিক্ষেপ
১৯৭০ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে হুন্ডুরাস খেলতে গেল প্রতিদ্বন্দ্বী এল সালভাদরের মাঠে। অপ্রীতিকর ঘটনা থেকে খেলোয়াড়দের রক্ষা করতে টিম হোটেলে রীতিমতো সেনা পাহারা বসানো হলো। সমর্থকেরাও কম যায় না। মধ্যরাতে হোটেলের জানালায় বৃষ্টির মতো ঢিল পড়তে লাগল। এরপর মৃত ইদুঁর নিক্ষেপ। এ অবস্থা দেখে হুন্ডুরাসের এক খেলোয়াড়ের মন্তব্য, ‘যা হলো, তাতে এখানে খেলতে না এসে বাড়িতে থাকলেই ভালো হতো।’

মুরগি-মানব
২০০৩-০৪ মৌসুমে দলের পারফরম্যান্সে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ এক ফ্লুমিনেন্সের সমর্থক খেলোয়াড়দের জব্দ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কীভাবে? একদিন টুপ করে ঢুকে পড়লেন দলের অনুশীলনে। এরপর মাঠে ছয়টি মুরগি ছেড়ে দিয়ে ভোঁ দৌড়! মুহূর্তেই মুরগির কক-কক ডাক, পাখা ঝাপটানো—মাঠ পরিণত হলো মুরগির খামারে! রোমারিও তখন অনুশীলন মাঠে। তিনি কি আর বসে থাকার পাত্র! দৌড়ে ধরে ফেললেন সমর্থককে। এরপর দুদ্দার বসিয়ে দিলেন কয়েক ঘা। অবশ্য এ ঘটনার পাঁচ বছর পর ‘মুরগি-মানব’কে প্রায় ছয় লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল রোমারিওকে।

মাঠে মুরগি ছেড়ে দেওয়ার সেই ঘটনা দেখুন: