সমর্থকদের বিভ্রান্ত করছেন বাট-আসিফ!
লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সালমান বাট ১০ ও মোহাম্মদ আসিফ সাত বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলেও হেরে গেছেন তাঁরা। মাঝে একই ঘটনায় দুজনেই যুক্তরাজ্যের কারাগারে জেল খেটেছেন। এত কিছু পরও পাকিস্তানি এই দুই ক্রিকেটারের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি নয়। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) মনে করে, অভিযোগ অস্বীকার করার মাধ্যমে আসলে সমর্থকদের ‘বিভ্রান্ত’ করছেন বাট ও আসিফ। গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দোষ স্বীকার করে নিতে বাট ও আসিফের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, আসিফ ও বাটের তথ্য আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে অনেক সহায়তা করতে পারে। তাঁদের প্রতি অনুরোধ, আর দেরি না করে নিজেদের দোষ স্বীকার করে নিন। কী ঘটেছিল, তা জানিয়ে ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে আইসিসিকে সহায়তা করুন। সময় এসেছে, জনগণকে বিশেষ করে পাকিস্তান দলের সমর্থকদের বিভ্রান্ত করা থেকে বিরত থাকার।’২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় বাটকে ১০ বছর, আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাট ও আসিফের করা আপিল এক সপ্তাহ আগে খারিজ করে দেন কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। আমির আপিল না করে বেশ আগেই দোষ স্বীকার করে নিয়েছেন।স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর এবং আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তবে বয়স কম হওয়ায় আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম। সূত্র: ডন।