জিবের তলায় একটা তেতো স্বাদ এখনো রয়ে গেছে ফ্রাঙ্ক রিবেরির। গত বিশ্বকাপের দুঃসহ অভিজ্ঞতা এখনো তাড়া করে ফেরে। রিবেরি ভুলতে পারেন না, কীভাবে সহজ একটা গ্রুপে পড়েও চার দলের মধ্যে চতুর্থ হয়ে প্রথম রাউন্ডে মাথা হেঁট করে বিদায় নিয়েছিল ফ্রান্স। রিবেরি জানেন, মনের স্লেট থেকে সেই দুঃস্মৃতি মুছে ফেলতে হলে দারুণ কিছু করতে হবে এবারের ইউরোতে। জানেন, এই ‘দারুণ কিছু’র সম্ভাবনা অনেকখানির নির্ভর করছে তাঁর বুটজোড়ায়। ‘ডি’ গ্রুপে স্বাগতিক ইউক্রেন, সুইডেন ও ইংল্যান্ডের বাধা টপকে নকআউট পর্বে যেতে ফ্রান্সের সমস্যা হওয়ার কথা নয়। ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়ে লরাঁ ব্লাঁর দল প্রকাশ করেছে তাদের উচ্চাকাঙ্ক্ষাও। অনেকের কাছেই এটি বিস্ময় হয়ে আসতে পারে, ২০ ম্যাচ ধরে ফ্রান্স অপরাজিত!কিন্তু জাতীয় দলে খেলতে এসে কী একটা গেরোতে যেন আটকা পড়ে যান। গত রোববার আইসল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে তাঁর তিন বছরে নিজের প্রথম গোল করেছেন। এর পর বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিতেও গোল। ‘ফ্রান্সের হয়ে তিন বছর পর গোল করেছি। নিজের পক্ষে কিছু বলাও আমার জন্য কঠিন হয়ে উঠছিল। অনেকে অনেক রকম প্রশ্নও তুলতে শুরু করেছিল। এই ম্যাচে আমি সত্যিই মন খুলে খেলতে পেরেছি। আমি খুবই আনন্দিত, খুবই তৃপ্ত’—বলেছেন এই ২৯ বছর বয়সী উইঙ্গার।তাঁর প্রতিভা নিয়ে সংশয় কখনোই ছিল না। খোদ জিনেদিন জিদানের মতো ফরাসি কিংবদন্তি এই প্রশংসাপত্র দিয়েছেন, ‘রিবেরি হচ্ছে ফ্রান্সের ফুটবলের একটা রত্ন’। কিন্তু মহামূল্যবান রত্নেও ধুলোর আস্তরণ পড়ে। জাতীয় দলের হয়ে রিবেরি তেমনিই হারিয়ে যাচ্ছিলেন। ২০০৭ সালে মার্শেই থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর এই মৌসুমেই ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। বায়ার্নের হয়ে এই মৌসুমে ৪৬ ম্যাচে ১৬ গোল করেছেন। গোলের সংখ্যাটি হয়তো চোখে লাগছে না। কিন্তু গোল করানোর সংখ্যাটি চমকে যাওয়ার মতো—২৬!বুন্দেসলিগায় শিরোপার দৌড়ে শেষ প্রান্ত পর্যন্ত ছিল বায়ার্ন, জার্মান কাপ আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল। শেষ পর্যন্ত তিনটি শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়ে একটিও ঘরে তুলতে পারেনি। তবে রিবেরি ঠিকই জানান দিয়েছেন, ইউরোর এই মৌসুমে তিনি ফিরে আসছেন নিজের সেরা ছন্দে, ‘এটা (তাঁর গোল পাওয়া) আমার কাছে বিস্ময় হয়ে আসেনি। কারণ আমি ভালোই খেলছি...পুরো বছরে বায়ার্নের হয়ে যা করেছি, সেটাই কেবল ফ্রান্সের হয়ে করতে পারছিলাম না। জানি না কেন। আশা করি, এবার আমি ঠিক পথেই ফিরেছি।’জাতীয় দলের সঙ্গে কেমন যেন একটা দূরত্বও তৈরি হয়ে গিয়েছিল তাঁর। অপ্রাপ্তবয়স্কা এক দেহপসারিণীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ শোরগোল হয়েছিল ফ্রান্স। এর পর থেকে জাতীয় দলের সমর্থকদের দুয়ো শুনেই অভ্যস্ত। এটাও তাঁর পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি, ‘সম্প্রতি ফ্রান্স দলে নির্ভার হয়ে খেলতে পারছিলাম না। সব সময়ই সমালোচনা হয়েছে। এমন একটা সময় আসে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, আর কী করলে আমি তাদের মন পাব? অনেক দিন হয়ে গেছে ফ্রান্সের কোনো স্টেডিয়ামে আমার নামে জয়ধ্বনি ওঠেনি। আশা করি সেই সময়টা চলে এসেছে। যখন সমর্থকেরা আমার নাম ধরে চিৎকার করে, এটা আমাকে কিছু করতে, গোল করতে, ড্রিবল করতে বাড়তি প্রেরণা-আত্মবিশ্বাস জোগায়। এই ব্যাপারগুলোই আমি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু বায়ার্নে আমি সময়ই ভালোবাসা পেয়েছি।’রিবেরি প্রশংসার কাঙাল। এবারের ইউরোতে ফ্রান্সকে উজাড় করে দিতে চান। কিন্তু বিনিময়ে সমর্থকদেরও দিতে হবে উজাড় করে। আর কিছু নয়—ভালোবাসা! এএফপি।