সমর্থকদের শান্ত থাকার অনুরোধ তামিমের
প্রথম লজ্জাটা দেন ক্রিকেটাররা, পরেরটা উচ্ছৃঙ্খল সমর্থকেরা। শুক্রবার মিরপুরে সাকিবদের শোচনীয় হারের পর ক্রিকেটারদের বহনকারী বাসে ঢিল ছোড়ার ঘটনায় বিশ্বের কাছে লজ্জায় পড়তে হয় বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও সেই ভয়। আবারও একই রকম কিছু ঘটবে না তো!‘বাজে কোনো আচরণ না করতে সমর্থকদের অনুরোধ করছি। কোনো দিন আমরা হারব, কোনো দিন জিতব, এটাই ক্রিকেট। খারাপ-ভালো সব দিনেই সমর্থকদের সমর্থন দরকার আমাদের’—চট্টগ্রামে আজ সাংবাদিকদের বলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।বিশ্বকাপে এত দিন বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ১০৮। লজ্জাটা ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডের ইতিহাসটা আরও খারাপ, মাত্র ৭৪ রান। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে গুটিয়ে গিয়ে ওয়ানডে আর বিশ্বকাপের ‘লজ্জার’ রেকর্ডটা নতুন করে লিখেছে সাকিব আল হাসানের দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লড়াইয়ের আশা করছেন তামিম, ‘আমি নিশ্চিত, সামনের ম্যাচে খেলার চিত্র পাল্টে যাবে। অন্য এক বাংলাদেশ দলকে দেখতে পাবেন আপনারা।’