সমর্থকদের হাতে ফার্গির ‘চিরকুট’
আজ অ্যানফিল্ডে ঢোকার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের হাতে থাকবে দুটি কাগজ। একটি স্টেডিয়ামে প্রবেশাধিকারের ছাড়পত্র, অন্যটি অ্যালেক্স ফার্গুসনের নিজ হাতে লেখা চিরকুট। তাতে লেখা থাকবে, ‘ব্যক্তিগত ঘৃণা ভুলে শান্ত থাকুন।’ক্ষয়িষ্ণুশক্তির লিভারপুলের আগের সেই দাপট আর নেই। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বৈরথটা এখনো আগুনের স্ফুলিঙ্গ ছড়ায় আগের মতোই। অতীত ঐতিহ্য তো আছেই, সাম্প্রতিক সময়ে উত্তেজনায় ঘি ঢেলেছে লুইস সুয়ারেজ আর প্যাট্রিস এভরার মধ্যকার বর্ণবাদ বিতর্ক। দুই দলের ১৮৬তম সাক্ষাতের উত্তেজনায় অপ্রত্যাশিতভাবে যোগ হচ্ছে ২৩ বছর আগের সেই হিলসবরো ট্র্যাজেডিও।১৯৮৯ সালে নটিংহাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে দর্শক হাঙ্গামায় প্রাণ হারায় লিভারপুলের ৯৬ জন সমর্থক। ফুটবল ইতিহাসেরই অন্যতম বড় সেই দুর্ঘটনাটি আবার সামনে চলে এসেছে এ মাসেই প্রকাশিত এক প্রতিবেদনের কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ‘বড়’ ম্যাচ আছে আরও একটি। পূর্ব ম্যানচেস্টারের ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি আর্সেনাল। তবে সুয়ারেজ-এভরার ঘটনাকে কেন্দ্র করে লিভারপুল-ম্যানইউর ম্যাচটাই উত্তাপ ছড়াচ্ছে বেশি। গত অক্টোবরে এই অ্যানফিল্ডের ম্যাচ শেষেই সুয়ারেজের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন এভরা। লিভারপুল সুয়ারেজের পক্ষে দাঁড়ালেও লাভ হয়নি। আট ম্যাচ নিষিদ্ধ হন সুয়ারেজ। পরে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হন সুয়ারেজ-এভরা। কিন্তু বহুল আলোচিত সেই ম্যাচে এভরার সঙ্গে করমর্দন করেননি সুয়ারেজ। এভরার বাড়িয়ে দেওয়া হাত সুকৌশলে এড়িয়ে গিয়ে উত্তেজনাটা জিইয়ে রাখেন। আজও তাই ওই প্রশ্নটা সামনে চলেছে এসেছে আবার, এভরার সঙ্গে সুয়ারেজ হাত মেলাবেন তো?এ মুহূর্তে একটুখানি উসকানিই ঘটাতে পারে লিভারপুল সমর্থকদের মনে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ—এটাও জেনেই হয়তো নিজ দলের সমর্থকদের কাছে ফার্গির ওই ‘চিরকুট ব্যবস্থাপনা’। ২০০৭ সালের পর অ্যানফিল্ডে কখনো জেতেনি ইউনাইটেড। চারবারের সাক্ষাতে একবার মাত্র ফিরেছিল ড্র করে। মাঠের দ্বৈরথ নিয়েও ফার্গুসনের ভয়ের কারণ ওই সমর্থকেরাই, ‘সমর্থকেরা তাদের পেছনে থাকবে। তারা সত্যিই লড়াইটাকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে।’ লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড কিন্তু জয়ের স্বপ্নই দেখছেন, ‘এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা তাকিয়ে আছি মৌসুমে আমাদের প্রথম জয়ের দিকে।’ইত্তিহাদ স্টেডিয়াম আজ ম্যানচেস্টার সিটি-আর্সেনাল দুই দলের জন্যই পরীক্ষার মঞ্চ। গত মৌসুমে ৪৪ বছর পর লিগ জেতা সিটি এবার কত দূর কী করতে পারে, তার একটা আভাস দেবে এই ম্যাচ। একই রকম পরীক্ষার কথা বলছেন আর্সেন ওয়েঙ্গারও। রবিন ফন পার্সি, অ্যালেক্স সংদের বিক্রি করে দিয়ে আর্সেনাল হয়ে যায় তারকাশূন্য। যদিও মাঠের পারফরম্যান্সে উজ্জীবিত আর্সেনালের দেখাই মিলছে। লিগে চার ম্যাচের দুটি জয়, দুটি ড্র। সর্বশেষ ম্যাচে সাউদাম্পটনকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। আর্সেনাল কোচের তাই দাবি, ‘এ ম্যাচটা বলে দেবে দল হিসেবে আমরা কতটা মানসম্পন্ন।’ এএফপি।