সমর্থকেরাই শক্তি, দুর্বলতাও!

গত বছর কনফেডারেশনস কাপের ফাইনালটা যাঁরা দেখেছেন দৃশ্যটা নিশ্চয়ই ভোলেননি। জাতীয় সংগীতটাই ব্রাজিলিয়ান দর্শকেরা এত সময় নিয়ে গেয়েছিল যে, ফাইনাল শুরু হতে পাক্কা দুই মিনিট দেরি! আর শুরু থেকে শেষ পর্যন্ত ৭০ হাজারের বেশি দর্শকের সে কী গর্জন! নিজের দেশ ফাইনালে খেলছে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন—শুধু এসব কারণেই নয়। মারাকানার আবহই যে এমন। এখানে খেলা দেখতে এসে চুপ করে বসে থাকার নিয়ম নেই!
মারাকানার এই রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বয়ং ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ফাইনালের দর্শক ব্ল্যাটারের কণ্ঠেও তাই ছিল ব্রাজিলিয়ান দর্শকদের জন্য উচ্ছ্বসিত প্রশংসা, ‘আমি এত বছরে এমন অভূতপূর্ব দৃশ্য আর দেখিনি। মারাকানা অন্য সব মাঠের চেয়ে আলাদা। এর গর্জনটাই অন্য রকম।’
এই গর্জন, ব্রাজিল সমর্থকদের এই চিরচেনা রূপ, ফুটবল যাদের প্রথম প্রেম, জীবনযাপনের অংশ, তারাই বিশ্বকাপে ব্রাজিলের বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করেন কোচ লুইস ফেলিপে স্কলারিও। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের এমন একটা শক্তি আছে যেটা ব্রাজিলে অন্য কোনো দলের থাকবে না। ২০ কোটি সমর্থক নেবে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা।’ প্রায় একই কথা বলেছেন ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের ফরোয়ার্ড জেয়ারজিনহো, ‘এই দলের সবচেয়ে বড় শক্তি হবে স্বাগতিক দর্শকদের বিশাল সমর্থন।’
কথা সত্য৷ কিন্তু এই দর্শকেরাই আবার ব্রাজিলের মাথাব্যথার মূল কারণ হয়ে উঠতে পারে। ব্রাজিলের ফুটবল বোদ্ধাদের ধারণা, ফুটবল জাতি হিসেবে ব্রাজিলিয়ানরা একধরনের আত্মগরিমায় ভোগে, অন্য কাউকে সেরা হতে দেখাটা তারা মোটেও পছন্দ করে না। ফুটবলে সাফল্য পেতে ওরা সব রকম ত্যাগ স্বীকার করতে রাজি। মাঠের বাইরে সরকারবিরোধী আন্দোলনে দেশ উত্তাল হলেও তাই কনফেডারেশনস কাপের একটা ম্যাচও সেই আন্দোলনে পণ্ড হয়নি। কারণ মাঠে ব্রাজিল সেই দর্শকদের প্রত্যাশা পূরণ করে গেছে।
সেই আন্দোলন দিনে দিনে আরও উত্তাল হচ্ছে। এমনকি সাও পাওলো, রিও ডি জেনিরোসহ বেশ কয়েকটি শহরে গত কয়েক দিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে বিশ্বকাপের বিরোধিতা করে। বোদ্ধারা মনে করছেন, এই আন্দোলন স্তিমিত করার একটাই উপায়—বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স। উত্তাল ব্রাজিলকে এখন একটা জিনিসই পারে শান্ত করতে—ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি। চিকিত্সা-বাসস্থান-পরিবহনব্যবস্থা উন্নয়নের দাবিতে আন্দোলনরত ব্রাজিলিয়ানদের চূড়ান্ত বিস্ফোরণ ঠেকিয়ে রেখেছে শুধু ওই সোনালি ট্রফিটা জয়ের আশা। কিন্তু কোনো কারণে যদি স্কলারির দল সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, এ বিক্ষোভ ছড়িয়ে যাবে দাবানলের মতো।
নেইমার-অস্কাররা কি বুঝতে পারছেন কী গুরুদায়িত্ব তাঁদের কাঁধে? এএফপি৷