সমস্যা আজমলের ভাষাতেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাবনা ছিল দুটোই। মজা করতে ভালোবাসেন সাঈদ আজমল, এটাও হতে পারত মজা। ইংরেজিতে খুব স্বচ্ছন্দ নন বলে ধরে নেওয়া গিয়েছিল বোঝাতেই ভুল করেছেন। শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে ভাষার ঝামেলাটাই। পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চিমা নিশ্চিত করেছেন, আজমলের অ্যাকশন নিয়ে মন্তব্য সংশয় ছড়িয়েছে ঠিকভাবে বোঝাতে না পারাতেই। আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসনও নিশ্চিত করেছেন পাকিস্তান ম্যানেজারের দাবি।দুবাই টেস্ট শেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল অ্যাকশন নিয়ে যা বলেছেন, তার অর্থ দাঁড়ায় এক দুর্ঘটনার কারণে আইসিসি তাঁকে ২৩.৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকানোর অনুমতি দিয়েছে। নিয়মানুযায়ী যা ১৫ ডিগ্রি পর্যন্ত বৈধ। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের শুরু দিকে এমনিতেই আজমলের অ্যাকশন নিয়ে বিতর্ক ছড়িয়েছে ইংলিশ মিডিয়া। তাঁর নিজের এই মন্তব্য তাই যথেষ্টই বিভ্রান্তি ছড়ায়।পরশু রাতেই এক বিবৃতিতে ব্যাখ্যাটা দিয়েছেন পাকিস্তানের ম্যানেজার, ‘আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রি মানে বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ, মানে বাহু কতটা প্রসারিত হচ্ছে। আগেই বেশ কটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে আজমলের বাহুর প্রসারণ অনুমোদিত সীমার মধ্যেই আছে। সাক্ষাৎকারে ২৩.৫ ডিগ্রি বলতে আজমল কনুই প্রসারণের ডিগ্রি নয়, বোঝাতে চেয়েছিল বোলিংয়ের সময় হাতের ওপরের অংশ আর সামনের অংশের কোণ।’রিচার্ডসনও এটা নিশ্চিত করেছেন, ‘এই দুই কোণের মাঝে বড় পার্থক্য রয়েছে। একজন বোলার যতটা ইচ্ছে হাত বাঁকাতে পারে, যদি না আইসিসির অনুমোদিত সীমার বাইরে হাত প্রসারিত না করে।’ এই ব্যাখ্যায় সংশয় অবশ্যই দূর হবে। তবে এ ঘটনায় ‘অল্প বিদ্যা ভয়ংকরী’ প্রবাদটা নিশ্চিতভাবেই নতুন করে উপলব্ধি করতে পারবেন আজমল! ওয়েবসাইট।