সমস্যা কোহলি, সমাধানও কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেনে কাল অনুশীলনে দেখা। করমর্দন করতে গিয়ে আফ্রিদি হাসছেন, কোহলিও। আজ ম্যাচ শেষে কে হাসবেন? l এএফপি
ইডেনে কাল অনুশীলনে দেখা। করমর্দন করতে গিয়ে আফ্রিদি হাসছেন, কোহলিও। আজ ম্যাচ শেষে কে হাসবেন? l এএফপি

ভারত একটু ভড়কেই গেছে। গ্রুপটা এমনিতেই ‘মৃত্যুকূপ’। সেখানে হাতে ধরে রাখা পয়েন্ট ফসকে বেরিয়ে গেলে তো মুশকিল। সুপার টেনের প্রথম ম্যাচে ৩টি পয়েন্ট আসছিল বলেই ভেবেছিল। কিন্তু নিউজিল্যান্ডকে ১২৬ রানে আটকে রেখেও নিজেরা মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ৪৭ রানে। এই হারের অনেক কারণের একটি—বিরাট কোহলি!
নিজেদের পাতা স্পিনফাঁদে পড়ে হারতে হয়েছে ভারতকে। কোহলিই শুরুতে যা একটু পাল্টা আক্রমণ চালিয়েছিলেন ২৩ রানের ইনিংসে। তবু কোহলির ওপর ‘দায়’ চাপাচ্ছেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার মনে করেন, বিশ্বকাপ শুরুর আগের দিন কোহলি যা বলেছেন, সেটাই বুমেরাং হয়ে গেছে। কোনো দরকার ছিল না আগ বাড়িয়ে নিজেদের ফেবারিট ঘোষণা করার। অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতকে চাপে ফেলে দিয়েছে।
গত বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে জনসন বলেছেন, ‘এ ধরনের বড় টুর্নামেন্টে খেলা এমনিতেই চাপের। সেখানে নিজেদের কাঁধে আরও বেশি চাপ টেনে নেওয়া মানে বিপর্যয়। যখন নিজেকে ফেবারিট দাবি করা শুরু করবেন, তার মানেই হলো বিপৎসংকেত বাজতে শুরু করে দিয়েছে।’
কোহলি বরাবরই আক্রমণাত্মক। ক্রিকেটীয় কায়দা-কেতার ধার ধারেন না। এ কারণেই হয়তো এশিয়া কাপ জয়ের ফুরফুরে আত্মবিশ্বাস থেকে বেশ সদম্ভেই ঘোষণা করেছিলেন ‘আমরাই ফেবারিট’। কিন্তু জনসন বলছেন, ‘প্রথম ম্যাচ হেরে ভারত এমনিতেই বেশ চাপে। সেই চাপ নিয়েই তারা পাকিস্তানের মতো দলের মুখোমুখি হচ্ছে। ক্রিকেটার হিসেবে আপনি কখনোই চাইবেন না বাড়তি আত্মবিশ্বাসে ভুগতে। হুম, আত্মবিশ্বাস তো থাকতে হবে। কিন্তু মিডিয়ায় আগ বাড়িয়ে এটা বলা, তারপর বলা কথাটার মর্যাদা রাখতে না-পারা মোটেও ভালো কিছু নয়।’
সুপার টেনের ফরম্যাটটাই এমন, আজ পাকিস্তানের বিপক্ষে হারলে ভারতের বিদায় মোটামুটি নিশ্চিত। এমন চাপের ম্যাচটা ভারতকে জেতাতে হলে কোহলিকেই কিছু করে দেখাতে হবে। জনসন যখন এমন ধুয়ে দিচ্ছেন, সে সময় আরেক সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ভারতের টেস্ট অধিনায়কের পাশে। অনেকের চোখেই ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক স্টিভ ওয়াহ বলেছে, ভারতের সাফল্যের চাবি কোহলির হাতেই।
কোহলির মধ্যে অনেকে ভিভ রিচার্ডসের ছায়া দেখলেও ওয়াহ পান টেন্ডুলকারের ছায়া। সেটি উল্লেখ করেই ওয়াহ বলেছেন, ‘এ মুহূর্তে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ৫০-এর ওপরে গড়। ওর ব্যাটিংয়ের প্রতিটা পরতে যেন টেন্ডুলকারের ছায়া আছে। এবারের বিশ্বকাপটি জিততে হলে কোহলিকে প্রচুর রান করে দিতে হবে।’
কোহলির আক্রমণাত্মক মেজাজেও সমস্যা দেখেন না ওয়াহ। বরং প্রশংসাই করেছেন। তবে একটা শর্তও বেঁধে দিচ্ছেন, ‘ও অনেকটা অস্ট্রেলীয় খেলোয়াড়দের মতো। ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসে, ভালোবাসে অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক মেজাজের দর্শক। কিন্তু চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখাও জরুরি।’ ইন্ডিয়া টুডে।