সমস্যা গোলপোস্টের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা-ঝলমল স্পেন দলেও আলাদা ঔজ্জ্বল্য ছড়ান তিনি। অথচ গোলবারের নিচে নির্ভরতার অন্য নাম ইকার ক্যাসিয়াস প্রথম ম্যাচেই স্প্যানিশদের ভালোবাসা হারিয়ে ফেলেছেন অনেকটা। মাঝে বিশ্বকাপ গেছে একটা, তবে ক্যাসিয়াসের গল্পটা শুরু ২০০২ বিশ্বকাপে। এক ভোরবেলা ঘুম থেকে উঠে শেভ করতে গেলেন সান্তিয়াগো ক্যানিজারেস, আফটার শেভের বোতলটা অসাবধানতাবশত পড়ে গেল স্পেনের এক নম্বর গোলরক্ষকের পায়ের ওপর। আঙুলে ব্যথা পেলেন। আর খেলা হলো না তাঁর। সুযোগ পেয়ে গেলেন ক্যাসিয়াস। দ্বিতীয় রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দু দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন বিশে পা দেওয়া তরুণ। তার পর থেকেই স্প্যানিশদের কাছে অসীম নির্ভরতার প্রতীক এই নীল-নয়ন যুবক।অধিনায়কের বাহুবন্ধনী উঠেছে হাতে। কিন্তু এই আট বছরে আটলান্টিকে যেমন অনেক উথালপাথাল ঢেউ উঠেছে, ক্যাসিয়াসের ক্যারিয়ারেও ঝড়ঝাপটা গেছে। রিয়াল মাদ্রিদে আগের বছরেও কোনো শিরোপা ওঠেনি। এবারও উঠল না। আগের বছর তাও কোনো কথা ওঠেনি তাঁর পারফরম্যান্স নিয়ে, এবার উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়, স্প্যানিশ কাপে তৃতীয় বিভাগের দল অ্যালকরকনের কাছে হেরে যাওয়া। শেষে লিগ শিরোপাও জিততে পারেননি। ক্যাসিয়াসের সেই দেবদূতসুলভ ভাবমূর্তিটা আর নেই।দক্ষিণ আফ্রিকার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে যেতে অনেক স্প্যানিশ সাংবাদিকের সঙ্গেই কথাবার্তা হয়। সবাই দেখি ক্যাসিয়াসকে নিয়ে বিরক্ত। সবার কথার সারমর্ম, ‘ওর হাতে অনেক মাখন জমে গেছে।’‘এত সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা যায় না’—সুইজারল্যান্ডের কাছে হারের পর বলেছিলেন ক্যাসিয়াস। আর এটাই আরও তাতিয়ে দিয়েছে সবাইকে। টিভিএল নাইনের তিদারল্লো আন্তোনি রাগের সঙ্গে বললেন, ‘ও নিজে কী করেছে?’আসলেই নিজে যা করেছেন ক্যাসিয়াস, তাতে ছিল চূড়ান্ত আত্মবিশ্বাসহীনতার ছাপ। সুইস মিডফিল্ডার ইয়ন ডেরিওক গোলমুখে এলেন, তিনি ছটফট করতে থাকলেন। একবার ডানদিকে ঝোঁকেন, আরেকবার বাঁয়ে। হাত দিয়ে বল ধরার বদলে তিনি পা এগিয়ে দিলেন। বলটা লাফিয়ে চলে গেল গেলসন ফার্নান্দেজের পায়ের কাছে। অমনি টুক করে সেটি গোলে ঠেলে ফার্নান্দেজ দিলেন বিশ্বজয়ের হাসি।এটা মনোযোগ হারিয়ে ফেলার চূড়ান্ত নিদর্শন। আর ক্যাসিয়াসের মনোযোগ কেড়ে নেওয়ার দায় বর্তেছে এক নারী-সাংবাদিকের কাঁধে। ইনি স্পেনের টেলেসিনসো চ্যানেলের রিপোর্টার সারা কার্বোনেরো। বয়স ২৫। ঝলমলে এই নারী বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ক্রীড়া সাংবাদিক হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছেন। এর সঙ্গে এখন মন দেওয়া-নেওয়া চলছে ক্যাসিয়াসের। গত বছর দক্ষিণ আফ্রিকায় কনফেডারেশনস কাপ থেকেই দুজন একসঙ্গে ঘুরছেন।তাঁর বিরুদ্ধেই অভিযোগের তির। পুরোটা ম্যাচ এই কার্বোনেরোকে পার্শ্বরেখার কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখেই নাকি মনোযোগ হারিয়ে ফেলেছিলেন ক্যাসিয়াস। সুন্দরী বান্ধবী মাঠের পাশে দাঁড়িয়ে সারাটা ক্ষণ তাঁর ওপর চোখ রাখছেন, ক্যাসিয়াস স্বাভাবিক থাকেন কী করে?স্প্যানিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের বলা হয় ‘এস্পোসাস ইয়ে নোভিয়াস’। ইংল্যান্ডের ‘ওয়াগ’-দের মতো এঁরা সাধারণত দলের সঙ্গে ঘুরতে পছন্দ করেন না। তাঁরা দেশে বসেই কার্বেনেরোর মুণ্ডুপাত করছেন, ‘ওই মেয়েটাই সর্বনাশের মূল।’কার্বেনেরোও জবাব দিয়েছেন, ‘একমাত্র আমিই দলটাকে নাড়িয়ে দিলাম! এমন যাঁরা বলেন, তাঁরা মূর্খ ছাড়া কিছু নয়।’১৬ জুন ডারবানে যা ঘটেছে, তা হয়তো স্প্যানিশরা ভুলে যাবে, যদি আগামীকাল হন্ডুরাসের বিপক্ষে জোহানেসবার্গের সকার সিটিতে দুর্দান্ত কিছু করে দেখান ক্যাসিয়াস। আর আবারও যদি স্পেনকে ছুঁয়ে যায় দুর্ভাগ্যের আরেক খণ্ড কালো মেঘ, তাহলে ক্যাসিয়াসও ডুববেন, ডোবাবেন বান্ধবী কার্বোনেরোকেও।একদিকে প্রেম, আরেকদিকে বিশ্বকাপ শিরোপা—কোন দিকে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক!