সমস্যা মিটে গেছে: তেভেজ
গত মৌসুমটা বেশ সমস্যার ভেতর দিয়ে কেটেছে। ম্যানচেস্টার সিটি ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে বিবাদে জড়িয়ে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। কার্লোস তেভেজ সিটিতে থাকবেন কি থাকবেন না, এ নিয়েও নানা কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ফিরে এসেছেন ম্যানচেস্টারেই। গত মৌসুমের যাবতীয় সমস্যা মিটে গেছে বলেই দাবি করেছেন কার্লোস তেভেজ। তাই এ মুহূর্তে ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা ভাবছেন না তিনি। এখন সিটির প্রেমে তিনি এতটাই হাবুডুবু খাচ্ছেন যে, ২০১৪ সালে চুক্তি শেষ হওয়ার পর আরও কিছুদিন এখানে থেকে যাওয়ার কথা ভাবছেন।‘ম্যানচেস্টার সিটিতে থাকতে সমস্যা নেই আমার। আমার পরিবার এখানে আছে, সন্তানেরা আছে। আমি খুশি, আমার স্ত্রীও খুশি। চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। তবে আরও বেশি সময় থাকতে পারি আমি।’ স্কাই স্পোর্টসকে বলেন তেভেজ।তেভেজ বলেন, ‘গত বছর সময়টা কঠিন কেটেছে। যখন ফিরে এসে খেললাম, আমরা চ্যাম্পিয়ন হলাম। গত মৌসুমে এটা আমার বড় পাওয়া। আমি খুশি, রবার্তো (মানচিনি) খুশি, ক্লাবও খুশি। সব সমস্যা মিটে গেছে।’হ্যাঁ, মানচিনির খুশি হওয়াই স্বাভাবিক। গত বছরের তিক্ত স্মৃতি পেছনে ফেলেই যে এগিয়ে চলেছেন তেভেজ। এগিয়ে নিয়ে চলেছেন ম্যানসিটিকে। গতকাল রাতে লিভারপুলের কাছে দলের হার ঠেকিয়েছেন তিনিই। ম্যাচে দু-দুবার পিছিয়ে পড়েছিল সিটি। তেভেজের গোলেই শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মানচিনির দল। ম্যাচ শেষে তাই তেভেজের প্রশংসা করতে ভোলেননি ম্যানসিটি ম্যানেজার, ‘কার্লোস খুব ভালো ফর্মে আছে। গত দু-তিন ম্যাচ ও যেভাবে খেলেছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।