সমস্যা মিটেছে আলভেজের
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়েছিল দানি আলভেজের। খবর বেরিয়েছিল, ম্যানচেস্টার সিটি তাঁর প্রতি আগ্রহী। কিন্তু এই খবরে তাঁর দল বার্সেলোনা কোনো প্রতিক্রিয়া না দেখানোয় দুঃখ পেয়েছিলেন আলভেজ। মনে শঙ্কা জেগেছিল, আদৌ বার্সেলোনা তাঁকে এই মৌসুমে দলে রাখবে কি না। তবে আপাতত সেই সমস্যার অবসান হয়েছে বলেও জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।বার্সেলোনার এই মুখে কুলুপ এঁটে থাকার ব্যাপারটি মেনে নিতে পারেননি তিনি। প্রকাশ্যেই ব্যাপারটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ব্রাজিলীয় এই ফুটবলার। তবে কোচ টিটো ভিলানোভার সঙ্গে কথা বলে সে ক্ষোভ মিটে গেছে বলেই জানিয়েছেন তিনি।স্প্যানিশ একটি টিভিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমরা সমস্যাটার সমাধান করে ফেলেছি। আমি আমার অসন্তুষ্টির কথাটা জানাতে চেয়েছিলাম। সে জন্যই আমি ওই কথাগুলো বলেছিলাম। কিন্তু এখন কথাবার্তা বলার পরে ব্যাপারটার মীমাংসা হয়েছে।’গতকাল হামবুর্গের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন দানি আলভেজ।